দার-ই-নিজাত ছাড়াও ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের গল্পের ১০ পাকিস্তানি নাটক

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বিশেষ করে নাটকটির আবু বকর চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ধৈর্য, সহমর্মিতা, ভালোবাসা ও নারীর প্রতি সম্মানজনক আচরণের কারণে চরিত্রটিকে ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবে দেখছেন অনেকে। নাটকটি দেখার পর একই ধরনের ইতিবাচক ও যত্নশীল পুরুষ চরিত্রের গল্প খুঁজছেন দর্শকদের একটি অংশ। তাদের কাছে এই ১০টি পাকিস্তানি নাটকের পুরুষ চরিত্রগুলোও হতে পারে সম্পর্কের ক্ষেত্রে শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল ও দায়িত্বশীল। এসব চরিত্রের মধ্য দিয়ে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও মানসিক পরিপক্বতার বিষয়গুলোও উঠে এসেছে।
১. ফেয়ারিটেল
নাটকটিতে ফারজাদ চরিত্রে অভিনয় করেছেন হামজা সোহেল এবং তার বিপরীতে রয়েছেন সেহর খান। রাগের মুহূর্তেও সম্মান বজায় রাখা, ভুল হলে ক্ষমা চাওয়া এবং মতবিরোধের সময়ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার কারণে ফারজাদ চরিত্রটি দর্শকদের কাছে প্রশংসিত। জেন অস্টেনের উপন্যাসের মিস্টার ডার্সি ও মিস্টার নাইটলির মতো চরিত্রের সঙ্গেও তার তুলনা করা হয়েছে।
২. ইয়াকিন কা সফর
২০১৭ সালে হাম টিভিতে প্রচারিত এই নাটকে আসফান্দিয়ার চরিত্রে অভিনয় করেছেন আহাদ রাজা মীর। পেশায় চিকিৎসক এই চরিত্রের নিজস্ব গল্প ও ব্যক্তিগত পরিবর্তনের বিষয়টি নাটকটিকে আলাদা করেছে। সময়ের সঙ্গে একজন মানুষের পরিণত হয়ে ওঠার গল্প দেখতে চাইলে এটি দর্শকদের জন্য ভালো পছন্দ হতে পারে।
৩. মিরে আব্রু
নাটকটিতে সাইম চরিত্রে অভিনয় করেছেন মির্জা জাইন বেগ। তিনি একজন শান্ত, ভারসাম্যপূর্ণ ও কোমল মনের মানুষ। স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকা এবং কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে চরিত্রটির দায়িত্বশীল দিক ফুটে উঠেছে। চিৎকার করে নিজের অবস্থান জানানোর পরিবর্তে কাজের মাধ্যমে পাশে থাকার বিষয়টিই এখানে গুরুত্ব পেয়েছে।
৪. ইয়ে রাহা দিল
আহমেদ আলী আকবর ও ইয়ুমনা জায়েদিকে নিয়ে নির্মিত এই নাটকে পুরুষ চরিত্রটির কোমল, সরল ও মিষ্টি স্বভাব দর্শকদের নজর কেড়েছে। সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে একজন দর্শক চরিত্রটিকে কোমল, নিষ্পাপ ও মিষ্টি বলে উল্লেখ করেছিলেন। উষ্ণ ও স্বস্তিদায়ক গল্প পছন্দ করেন, তাদের জন্য নাটকটি উপভোগ্য হতে পারে।
৫. মেরে পাস তুম হো
২০১৯ সালে এআরওয়াই ডিজিটালে প্রচারিত এই জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন হুমায়ুন সাঈদ, আয়েজা খান ও আদনান সিদ্দিকী। নাটকটি লিখেছেন খলিল-উর-রহমান কামার। এতে হুমায়ুন সাঈদের অভিনীত চরিত্রের স্ত্রীপ্রেম ও নিবেদিত স্বামীর ভূমিকা দর্শকদের প্রশংসা পেয়েছে। তবে আবেগঘন ও ভারী গল্পের কারণে নাটকটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলতে পারে।
৬. সাবাত
এই নাটকে আনায়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন মুহাম্মদ আহমেদ। চরিত্রটি একজন সদয়, বিচক্ষণ ও কোমল মনের বাবার প্রতিচ্ছবি। সন্তানকে বোঝা, তার কথা শোনা এবং প্রয়োজনের সময় পাশে থাকার মধ্য দিয়ে একজন আদর্শ অভিভাবকের দিকটি তুলে ধরা হয়েছে।
৭. বাবা জানি
জিও এন্টারটেইনমেন্টে প্রচারিত এই নাটকটি ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়ে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি শেষ হয়। ফায়জা ইফতিখার রচিত এবং আলী ফাইজান পরিচালিত নাটকটিতে আসফান্দ চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল কুরেশি।
পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এবং বোনদের লালন-পালনে ভূমিকা রাখাই আসফান্দের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। নাটকটির প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন ফয়সাল কুরেশি। নিজের প্রতিষ্ঠান কানেক্ট স্টুডিওর ব্যানারে এটি ছিল তার প্রথম প্রযোজনা। চরিত্রটিকে শান্ত স্বভাবের, সহজ-সরল এবং পরিবারের জন্য আত্মত্যাগে প্রস্তুত একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন অভিনেতা।
৮. পারিজাদ
২০২১ সালে হাম টিভিতে প্রচারিত এই নাটকটি লিখেছেন হাশিম নাদিম। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আহমেদ আলী আকবর। ইয়ুমনা জায়েদিও এতে অভিনয় করেছেন।
পারিজাদ একজন সহজ-সরল ও সদয় মানুষ। শারীরিক গড়ন ও চেহারার কারণে সমাজে তাকে নানা ধরনের অবহেলা ও অপমানের মুখোমুখি হতে হয়। নাটকটিতে গায়ের রং নিয়ে বৈষম্য, মানুষের বাহ্যিক সৌন্দর্য বিচার এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও নিজের মানবিকতা ধরে রাখাই চরিত্রটির বিশেষত্ব।
৯. কভি ম্যায় কভি তুম
২০২৪ সালে এআরওয়াই ডিজিটালে প্রচারিত এই নাটকে অভিনয় করেছেন ফাহাদ মোস্তফা ও হানিয়া আমির। এতে মুস্তাফা চরিত্রে ফাহাদ এবং শারজিনা চরিত্রে হানিয়াকে দেখা গেছে।
মুস্তাফা একজন কোমল হৃদয়ের ও ভালোবাসাপূর্ণ পুরুষ চরিত্র। সাধারণত প্রাণবন্ত ও উচ্চকণ্ঠের চরিত্রে পরিচিত ফাহাদ মোস্তফা এখানে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন। তার এই অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
১০. সুনো চান্দা
২০১৮ সালের রমজানে হাম টিভিতে প্রচারিত এই কমেডি নাটকটি লিখেছেন সায়মা আক্রাম চৌধুরী এবং পরিচালনা করেছেন আহসান তালিশ। এতে আরসালান চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ এবং আজিয়া চরিত্রে ইকরা আজিজ।
নাটকটিতে আরসালানকে প্রাণবন্ত, কিছুটা চঞ্চল ও সহজ-সরল স্বভাবের মানুষ হিসেবে দেখানো হয়েছে। ছোটবেলায় নিকাহের মাধ্যমে বিয়ে হওয়া দুই চাচাতো ভাই-বোনের সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে গল্প। ২০১৯ সালে নাটকটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে সেরা টিভি নাটকের পুরস্কার জেতে। একই আয়োজনে সেরা পরিচালকের পুরস্কার পান আহসান তালিশ। দুই মৌসুমে নাটকটির মোট পর্ব ৬০টি।
সব মিলিয়ে, ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রের মতো শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল ও দায়িত্বশীল পুরুষ চরিত্রের গল্প দেখতে আগ্রহী দর্শকদের জন্য এই ১০টি পাকিস্তানি নাটকের তালিকা তুলে ধরা হয়েছে। রোমান্স, পারিবারিক গল্প, সামাজিক বাস্তবতা ও কমেডি—বিভিন্ন ধরনের গল্পের সমন্বয় রয়েছে তালিকায়। দ্য স্টেটসম্যান



