থাইল্যান্ডে পর্যটনকেন্দ্র ফুকেট দ্বীপে আগুন, নিহত ১১

ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র ফুকেট দ্বীপে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনের তথ্য অনুসারে, ভোর ৩টা ১৭ মিনিটের দিকে একটি গাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানের ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
অগ্নিকাণ্ডে আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় পর্যটন এলাকা পাটং সৈকতের কাছাকাছি একটি শহরাঞ্চলে অবস্থিত।
উল্লেখ্য, চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।






