থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রেখেছিল একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই উখিয়ার ১৮ ও ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।






