মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের বাসা থেকে তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির।
ইলিয়াস কবির বলেন, তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আটকের আগে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। এসময় তার বাসার দরজার সামনে কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়।
এ সময় জ্যোতিকা জানান, পুলিশ কেন তার বাসায় এসেছে কিংবা তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’ লাইভের শেষ দিকে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেও না।’
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে কোন কোন মামলায় তার নাম রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।





