ক্যানসারের অভিজ্ঞতা যেভাবে বদলে দিয়েছে ক্যাথরিনের জীবন

ছবি: সংগৃহীত।
নিজের ক্যানসার আক্রান্ত হওয়া, চিকিৎসা এবং সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুলেছেন প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন।
গতকাল শনিবার (২১ নভেম্বর) বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, ‘হিল’ (Heal) নামের ৩০ মিনিটের একটি তথ্যচিত্রে নিজের অসুস্থতা ও সেরে ওঠার অভিজ্ঞতা তুলে ধরবেন ক্যাথরিন। আগামী ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে প্রচারিত হবে এটি।
তথ্যচিত্রের প্রকাশিত প্রথম ঝলকে ক্যাথরিন বলেন, ‘ক্যানসার আপনাকে বদলে দেয়। এটি আপনার শরীর ও শারীরিক অবস্থায় পরিবর্তন আনে। তবে ক্যানসার শনাক্ত হওয়ার প্রভাব এর চেয়েও অনেক গভীর।’
তিনি আরও বলেন, জীবনের কঠিন সময় একা পার করার জন্য মানুষ তৈরি হয়নি। অনেক সময় কষ্টের মধ্য দিয়েই জীবনের গভীর সৌন্দর্য উপলব্ধি করা যায়।

তথ্যচিত্রে চলতি বছরের শুরুর দিকে ক্যাথরিনের থ্রি পিকস চ্যালেঞ্জ সম্পন্ন করার দৃশ্যও রয়েছে। এক দিনের মধ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ তিনটি পর্বতশৃঙ্গে আরোহণের এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন তিনি। এ ছাড়া স্বামী প্রিন্স উইলিয়াম ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তও দেখানো হবে।

ক্যাথরিন ২০২৪ সালের মার্চে ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান। তবে ক্যানসারের ধরন সম্পর্কে কিছু জানাননি তিনি। ওই সময় কেমোথেরাপি নিচ্ছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে ক্যানসারমুক্ত হওয়ার খবর জানানোর পর ধীরে ধীরে রাজকীয় দায়িত্বে ফিরতে শুরু করেন।
চিকিৎসা শেষ হলেই যে আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা যায় না, সে অভিজ্ঞতার কথাও বিভিন্ন সময় বলেছেন ক্যাথরিন। চিকিৎসার পর ভালো ও খারাপ দুই ধরনের দিনই আসে এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক সুস্থতাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
তথ্যচিত্রে ভাই জেমস মিডলটনের সঙ্গে তার কথোপকথনও রয়েছে। লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় চিকিৎসা শেষ হওয়ার প্রতীক হিসেবে প্রচলিত ঘণ্টা বাজাননি ক্যাথরিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ঘণ্টা বাজাইনি।’ জবাবে তার ভাই বলেন, থ্রি পিকস চ্যালেঞ্জ সম্পন্ন করা এবং এই তথ্যচিত্র হয়তো তার ঘণ্টা বাজানোরই সমতুল্য।
তথ্যচিত্রটির উপস্থাপনা করবেন কার্স্টি ইয়ং। বিবিসির প্রধান কনটেন্ট কর্মকর্তা কেট ফিলিপস আশা প্রকাশ করেছেন, এটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়া মানুষদের সাহস ও সান্ত্বনা জোগাবে।
তথ্যচিত্রটি বিশ্বের অন্যান্য দেশেও সম্প্রচার করা হবে। এর বিতরণ থেকে পাওয়া অর্থ দেওয়া হবে রয়্যাল মার্সডেন ক্যানসার চ্যারিটিকে।






