দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ থেকে নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একদিন আগে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। শুক্রবার সংবাদমাধ্যমের সাথে কথা বলেন মন্ত্রী হিসেবে, দেশের ক্রীড়াঙ্গন নিয়ে। জানিয়েছেন, বাংলাদেশ হকি দলের বিশ্বকাপে খেলার সম্ভাবনার কথা।
ক্রিকেটের বাইরে কোন কোন খেলার দিকে বেশি মনোযোগ দেবেন? এমন প্রশ্নে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার ব্যক্তিগত মতামত হল- কতগুলো স্পোর্টস আছে যেগুলোতে আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে খুব ভালো করা সম্ভব, অনেকে ভালো করছেও। যেমন- আর্চারি বলেন, শ্যুটিং বলেন, এগুলোতে তো আমাদের সম্ভাবনা আছেই।’
‘হকি একটা ইভেন্ট যেটাতে আমি মনে করি আমাদের বিশ্বকাপ খেলা উচিত। মানে, আমরা যদি এটাতে পুরোপুরি চোখ দিতে পারি তাহলে বিশ্বকাপে কোয়ালিফাই করা উচিত। এই পর্যায়ে নেয়া সম্ভব বলে আমার ধারণা।’








