শিক্ষা

কোর্স শেষ না করেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী

কোর্স শেষ না করেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী

ছবিটি এআই দিয়ে তৈরি করা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে আসা চীনের আট শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন। চলতি নভেম্বরের শেষ দিকে তাদের কোর্স শেষ হওয়ার কথা থাকলেও ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে কোর্স অসমাপ্ত রেখেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আট শিক্ষার্থীর মধ্যে দুজন ইতোমধ্যে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর দেশে ফিরবেন। নিজ দেশের বিশ্ববিদ্যালয়ের পরামর্শেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

অধ্যাপক এম এ কাওসার বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এরপরই তারা নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। প্রোগ্রামের নিয়ম অনুযায়ী, বাংলা ভাষা শেখার জন্য তাদের এক বা দুই সেমিস্টার বাংলাভাষী কোনো দেশে অবস্থান করতে হয়। সেই ধারাবাহিকতায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।

চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাদের কোর্স শেষ করার কথা ছিল। তবে ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।

এর আগে, গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছয়টি পৃথক স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন সোমবার টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়। সর্বশেষ মঙ্গলবার দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হন। ধারাবাহিক এসব ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়:৮ চীনা শিক্ষার্থী ককটেল আতঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে ফেরা শর্ট কোর্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…