ফ্রান্স জাতীয় দলে ফরাসি কোন খেলোয়াড় নেই, এমন মন্তব্য করে বর্ণবাদে অভিযুক্ত স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ফ্রান্সের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। রাজয়ের মন্তব্যে ফুটবল অঙ্গনে তুলেছে বিতর্কের ঝড়।
মারিয়ানো ২০১১-২০১৮ পর্যন্ত স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্প্যানিশ আউটলেট ‘এল ডিবেটে’ গত মঙ্গলবার মন্তব্যটি করেন তিনি। এরপর দুদলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার নির্ধারিত হয়েছে।
রাজয় বলেছেন, ‘ফিফা র্যাঙ্কিংয়ে তারা বর্তমানে এক নম্বরে রয়েছে। তাদের অত্যন্ত শক্তিশালী স্কোয়াডও রয়েছে। তবে তাদের দলে কোন ফরাসি খেলোয়াড় নেই এবং তারা দারুণ খেলছে।’
রোববার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বলেছেন, রাজয়ের মন্ত্রব্য ‘প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য। প্রকৃতপক্ষে এটাই ফ্রান্স নয়। ফ্রান্স এমন একটি দেশ যেখানে সবাই নিজেকে সমৃদ্ধ করতে পারে এবং নিজেদের জায়গাও করে নিতে পারে।’
ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়ে ফেরে বলেছেন, ‘ফ্রান্স দলটি কেবল ফরাসিদের নিয়েই গঠিত। ফ্রান্স কোন জাতিগত বা নৃতাত্ত্বিক জাতিসত্তা নয়; এর কোন নির্দিষ্ট গায়ের রঙ বা ধর্ম নেই। এটি একটি রাজনৈতিক জাতিসত্তা, যা প্রজাতন্ত্রের মূলমন্ত্রকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ, যা বর্ণবাদী ডানপন্থীদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
ফ্রান্সের মাদ্রিদ দূতাবাস লিখেছে, ‘কোন বিতর্কে না গিয়েও বিষয়টি মনে রাখা প্রয়োজন, ফ্রান্সের জাতীয় দলের সব খেলোয়াড়ই ফরাসি। ২৬ জন খেলোয়াড়ের মধ্যে ২৩ জনের জন্ম ফ্রান্সে। আর বিদেশে জন্ম গ্রহণকারী বাকি তিনজনও ফরাসি।’







