বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর

Oplus_131072
চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর। লন্ডনভিত্তিক ব্যবসায়ী গৌতম হাতিরামানির সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। একই সাথে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন এই গায়িকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় কণিকা জানান, অনেক চিন্তাভাবনা ও বিবেচনার পর তারা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বার্তায় কণিকা লেখেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক চিন্তাভাবনা ও বিবেচনার পর আমার স্বামী এবং আমি আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে যে সময় কাটিয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য তার মঙ্গল কামনা করি। সামনে এগিয়ে যাওয়ার এই সময়ে আমাদের প্রতি সহানুভূতি ও সম্মান দেখানোর পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।’
২০২২ সালের ২০ মে লন্ডনে এক অনুষ্ঠানের মাধ্যমে গৌতম হাতিরামানিকে বিয়ে করেন কণিকা। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ের অনুষ্ঠানে কণিকার তিন সন্তান—আয়ানা, সামারা ও যুবরাজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গৌতমের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল কণিকার। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রায় ১৫ বছর ধরে গৌতমকে চিনতেন। প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।
কণিকা আরও জানিয়েছিলেন, ২০১৪ সালে প্রথমবার এবং ২০২০ সালে দ্বিতীয়বার গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। অবশেষে ২০২১ সালের আগস্টে গৌতম তাকে বিয়ের প্রস্তাব দেন। পরের বছরই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
প্রসঙ্গত গৌতমের সঙ্গে এটি ছিল কণিকা কাপুরের দ্বিতীয় বিয়ে। এর আগে রাজ চন্দকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। ১৮ বছর বয়সে বিয়ের পর লন্ডনে চলে যান কণিকা। তাদের তিন সন্তান—আয়ানা, সামারা ও যুবরাজ।
২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদ হয় কণিকার। এরপর সন্তানদের দায়িত্ব পালনের পাশাপাশি সংগীতজগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন তিনি।
২০১২ সালে ‘জুগনি জি’ গান দিয়ে আলোচনায় আসেন কণিকা। তবে ২০১৪ সালে ‘বেবি ডল’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে ‘চিট্টিয়া কালাইয়াঁ’, ‘দেশি লুক’ ও ‘লাভলী’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। ২০১৯ সালে গানের রিয়্যালিটি শো ‘দ্য ভয়েস’-এ তাকে একজন বিচারক হিসেবেও দেখা যায়। হিন্দুস্তান টাইমস






