তথ্যপ্রযুক্তি

কর্মীদের ‘আইফোন ১৬’ উপহার দেওয়ার ভিডিও ভাইরাল, এআই নাকি সত্যি?

কর্মীদের ‘আইফোন ১৬’ উপহার দেওয়ার ভিডিও ভাইরাল, এআই নাকি সত্যি?

ছবি: সংগৃহীত

ভারতের দীপাবলি উৎসবে কর্মীদের আইফোন ১৬ উপহার দিয়ে আলোচনায় এসেছে দিল্লির একটি প্রতিষ্ঠান। কর্মীদের ডেস্কে নতুন আইফোন সাজিয়ে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।

নয়াদিল্লির রোহিণী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কর্মীদের কম্পিউটারের সামনে সাদা, সবুজ, নীল ও কালো রঙের আইফোন ১৬ রাখা হয়েছে। প্রতিটি ফোনে উৎসবের সাজ হিসেবে ফিতা বাঁধা ছিল।

ভিডিওর শেষ দিকে কয়েকজন নারী কর্মীকে উপহার পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

সাধারণত দীপাবলিতে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের মিষ্টি, উপহারের ঝুড়ি কিংবা দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী উপহার দেয়। সেই তুলনায় আইফোন উপহার দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিশেষ নজর কেড়েছে।

ভিডিওটি প্রকাশ করে প্রতিষ্ঠানটি ক্যাপশনে লিখেছে, কোনো প্রতিযোগিতা নেই। আপনাদের কী উপহার দেওয়া হয়েছে? পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই প্রতিষ্ঠানটির উদ্যোগের প্রশংসা করেছেন।

তবে ভিডিওটির সত্যতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। কয়েকজনের ধারণা, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হতে পারে। এমন এক মন্তব্যের জবাবে প্রতিষ্ঠানটি জানায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়। মন্তব্যকারীকে আবার ভিডিওটি দেখতে বলে বিষয়টি নিয়ে মজাও করেছে তারা।

ভিডিওটির মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। কেউ প্রতিষ্ঠানটিতে চাকরির সুযোগ আছে কি না জানতে চেয়েছেন। আবার কেউ মজা করে বলেছেন, দীপাবলির সময় এমন উপহারের ভিডিও দেখে ঈর্ষা এড়াতে ইনস্টাগ্রাম ব্যবহার বন্ধ রাখতে হবে।

একজন মন্তব্য করেছেন, নারী কর্মীরা আইফোন পেলেও পুরুষ কর্মীদের সোনার মুদ্রা দেওয়া হয়েছে। আরেকজন মজা করে লিখেছেন, তার প্রতিষ্ঠান থেকে এখনো এক বাক্স সোনপাপড়িও পাননি।

বিষয়:আইফোন-১৬ উপহার দীপাবলি উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…