ক্রিকেট

প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন কোন দলে

প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন কোন দলে

প্রথমবার বিগ ব্যাশ লিগে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন টাইগার পেসার। চোটে পড়া বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে দলটি তাকে নিয়েছে।

বিবিএল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি বেহরেনডর্ফ কাঁধে অস্ত্রোপচারের কারণে এবারের টুর্নামেন্টে খেলতে পারছেন না। সাকিব আল হাসান এবং রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে চুক্তিবদ্ধ হলেন ৩১ বর্ষী বাঁহাতি পেসার। মেলবোর্নের এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন সাকিব। গত মৌসুমের পর টানা দ্বিতীয়বার হোবার্ট হারিকেনসে চুক্তিবদ্ধ হয়েছেন লেগ স্পিনার রিশাদ।

রেনেগেডসের প্রধান কোচ লুক রঞ্চি বলেছেন, ‘বিশ্বজুড়ে টি-টুয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজুর একজন প্রমাণিত ম্যাচ-উইনার। পাওয়ার প্লে এবং ইনিংসের শেষদিকে, উভয় সময়েই উইকেট নেয়ার সক্ষমতা রয়েছে তার, যা আমাদের বোলিং আক্রমণে খুব প্রয়োজন ছিল।’

‘বিবিএলের দর্শকরা এমন খেলোয়াড় পছন্দ করেন, যারা এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মোস্তাফিজ ঠিক সেটাই করতে পারেন। তার প্রতিটি বলে বিশেষ কিছু ঘটার সম্ভাবনা থাকে। পুরো গ্রীষ্মজুড়ে তার পারফরম্যান্সের রোমাঞ্চ উপভোগ করবেন আমাদের সমর্থকরা।’

দলকে দেয়া বিবৃতিতে মোস্তাফিজ বলেছেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিবিএল খেলার অপেক্ষায় আছি। এমসিজিকে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে সেখানে খেলাটা হবে বিশেষ কিছু। দলের সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং আমার অভিজ্ঞতা দিয়ে দলকে সহায়তা করতে খুবই উচ্ছ্বসিত অপেক্ষা করছি।’

চলতি মৌসুমে প্রথম ম্যাচ ১২ ডিসেম্বর, উদ্বোধনীতে পার্থ স্কর্চার্সের বিপক্ষে নামবে ফিজের মেলবোর্ন। ২৪ ডিসেম্বর মেলবোর্নের বিপক্ষে নামবে রিশাদের হোবার্ট হারিকেনস। সবঠিক থাকলে সেদিন মুখোমুখি হবে দুই টাইগার তারকা।

বিষয়:বিগ ব্যাশ লিগ মেলবোর্ন রেনেগেডস মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…