ফুটবলের রূপশৈলীতে পরিপূর্ণ স্পেন ২০১০ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও তাদের এরপরের বিশ্বকাপগুলো বেদনার রঙে আঁকা। এরপর আর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। ২০১৪ সালে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়। পরের দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) শেষ ষোলোতে ঠাঁই হলেও আর এগোনো সম্ভব হয়নি। কিন্তু এবার স্পেন বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ফুটবল র্যাঙ্কিংয়েও আর্জেন্টিনার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে। ফুটবল বিশ্লেষকরা বলছেন, এবারের বিশ্বকাপের দাবিদার স্পেন। কারণ হিসেবে বলছেন, স্পেন একটি পরিপূর্ণ টিম। রক্ষণভাগ থেকে মধ্যভাগ, আক্রমণভাগ এক সুঁতোতে বাঁধা। দারুণ ছন্দময় এক টিম। কোচ লা ফুয়েন্তের ফুটবল দর্শনে দলটি সহজেই নটআউট পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।
স্পেন দলটিতে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলা সেরা সেরা ফুটবলার। সব অকুতোভয় সৈনিক। অভিজ্ঞদের পাশাপাশি বিস্ময়কর বালকেরাও রয়েছেন। গ্যাভি, নিকো উইলিয়ামস, ফেররান তরেসদের সাথে তরুণ লামিন ইয়ামালকে দেখতে সবাই উদগ্রীব। লামিন ইয়ামাল ফুটবলের এখন সেরা এক বিজ্ঞাপন। তাকে ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই। বলা হচ্ছে প্রতিপক্ষের জন্য ভীষণ ভয়ঙ্কর একজন। লামিন এবার বিপ্লব ঘটিয়ে দিতে পারে। আজ রাতেই স্পেনের বিপক্ষে খেলবে বিশ্বকাপের নতুন দেশ কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’তে আর দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে।
কেপ ভার্দে আটলান্টিক মহাসাগরের ছোট্ট এক দ্বীপরাষ্ট্র। ফুটবলমোদীদের কাছে অজানা অচেনা এক দেশ। কিন্তু ফুটবলের কল্যাণে এই দেশটির নাম সবার কানে পৌঁছে গেছে। এই দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইউরোপের প্রফেশনাল লিগে নিয়মিত খেলে থাকেন। আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে তা অনুমেয়। দেশের সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু মনে করেন, গ্রুপে তেমন একটা চাপে পড়বে না স্পেন। অনেকটা সহজ গ্রুপেই আছে। কিন্তু দ্বিতীয় ধাপে কী পারফরম্যান্স করে সেটা দেখার বিষয়।
হাসানুজ্জামান খান বাবলু বরাবরই ব্রাজিল দলের অনুরাগী হলেও স্পেনকে তিনি ফুটবলের ‘বিউটি’ হিসেবে বলতে কার্পণ্য করেন না। তিনি মনে করেন ফুটবল লড়াইয়ের ময়দানে স্পেন বরাবরই বাড়তি আনন্দের উৎস। এই দলের খেলার মধ্যে যেমন সৃজনশীলতার উপস্থাপন থাকে তেমনি পরিপাটিও। স্পেনের খেলা চোখে তৃপ্তি আনে অন্যরকম। বাবলু বলেন, ২০১০ সালের পর স্পেন বিশ্বকাপের ময়দানের বহুবিধ কারণেই নিষ্প্রভ থেকেছে। ভাগ্যের নির্মমতায় প্রথম রাউন্ড থেকেও বিদায় নিতে হয়েছে। কিন্তু স্পেন স্পেনই। এবার তারা ব্যতিক্রম ও আলাদা। ফিফার হিসেব নিকেশ বলে দিচ্ছে এই দলের উচ্চতা কোথায়।
স্পেনের লামিন ইয়ামালকে নিয়ে সর্বত্র যে আলোচনা চলছে সেটাকেও হাসানুজ্জামান খান বাবলু সঠিক মনে করেন। তার মতে, স্পেনের এই তরুণকে তো সবাই দেখার জন্য অপেক্ষা করছে। অভিজ্ঞদের সাথে এই তরুণ ঝড় তুলতে পারলে ফুটবল দর্শকরা বাড়তি বিনোদন পাবেন। হাসানুজ্জমান খান এটিও বললেন, পুরো স্পেন টিমটাই কিন্তু শৈল্পিক। এই দলের তাল, লয়, সুর অনবদ্য। এবারের বিশ্বকাপে স্পেনের ফুটবল অর্কেস্ট্রাটা সবাই দেখতে উদগ্রীব। স্পেন এই বিশ্বকাপের যত উচ্চতায় উঠবে বিশ্বকাপ ততো অনবদ্য হবে।







