ক্রিকেট

উইন্ডিজের বড় লিড, শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা

উইন্ডিজের বড় লিড, শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে সিলেট টেস্টের তৃতীয় দিনটা ছিল বাংলাদেশের। চতুর্থ দিনে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের সেঞ্চুরিতে তিনশ পেরিয়ে ছুটছে ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬.৪ ওভার ব্যাট করে ৩৫৬ রানে প্রথম ইনিংসে থামে। জবাবে নেমে ১১১.৫ ওভারে ৯ উইকেটে ৩৮৬ রানে থেমেছে বাংলাদেশ। ৩০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৮৩ ওভারে ৩ উইকেটে ৩৪৫ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে উইন্ডিজ। এখন পর্যন্ত ৩১৫ রানের লিড নিয়েছে তারা। কাভেম হজ ১৪০ রানে এবং আমির জাঙ্গো ২০ রানে শেষ দিনের খেলা শেষ করবেন।

চতুর্থ দিনের পুরোটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশি বোলাররা তেমন সুবিধাই করতে পারেননি। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে ৭৯ ওভারে কেবল ৩ উইকেট তুলতে পেরেছে স্বাগতিকরা।

জশুয়া ডি সিলভা ৩৬, ব্রেন্ডন কিং ৬১ এবং কেভিন উইকহ্যাম ৭৮ রানে আউট হন। ১৭ চার ও ১ ছক্কায় ১৮৯ বলে ১৪০ রানে কাভেম হজ ও ৪৯ বলে ২০ রানে জাঙ্গো দিনের খেলা শেষ করেন।

তাইজুল ইসলাম ২ এবং মেহেদী হাসান মিরাজ নেন ১ উইকেট।

এর আগে বৃহস্পতিবার প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেন আমির জাঙ্গো। ২১২ বলে ১৩৩ রান করেন তিনি। ৬১ রান করেন কেভিন উইকহ্যাম। ৫১ রান করেন জাস্টিন গ্রিভস। জোমেল ওয়ারিক্যান ২৭ এবং জশুয়া বিশপ করেন ২৩ রান।

বাংলাদেশের হাসান মাহমুদ ২৪ ওভারে ৯০ রানে ৬ উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে বাংলাদেশের হয়ে ২৪২ রান করেন তাওহীদ হৃদয়। ৩৫৯ বলের অপরাজিত ইনিংসে ছিল ২২ চার ও ১১ ছক্কার মার। মুশফিকুর রহিম ৩৪ রান করেন। তাইজুল ২২, শান্ত ১৮, তানজিদ ১৬ এবং তাসকিন ১২ রান করেন।

ক্যারিবীয়দের হয়ে প্রথম ইনিংসে জোমেল ওয়ারিক্যান ৪ উইকেট। জেইডেন সিলেস নেন দুটি উইকেট। শামার জোসেফ, রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস নেন দুটি করে উইকেট।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ কাভেম বাংলাদেশ সিলেট টেস্ট হৃদয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…