নিজেদের জালেই গোল দিয়েছে ৪১ বার, নিষিদ্ধ ৪ দল

ফুটবল ম্যাচে রেফারির হাতে লাল কার্ড দেখানো হচ্ছে, খেলোয়াড়দের জন্য সতর্কতা. Channel i News – চ্যানেল আই নিউজ
সাউথ আফ্রিকায় চতুর্থ বিভাগ ফুটবলে ঘটেছে রহস্যজনক সব ঘটনা! এক ম্যাচের ফলাফল ছিল ৫৯-১! আরেক ম্যাচের ৩৩-১! এ দুই খেলায় ফুটবলাররা নিজেদের জালেই বল জড়িয়ে গোল দিয়েছেন মোটে ৪১ বার!
এমন কাণ্ডে নড়েচড়ে বসেছেন আয়োজকরা। শেষপর্যন্ত বিতর্কিত ওই দুই ম্যাচের চার দল মাটিয়াসি এফসি, শিভুলানি ডেঞ্জারাস টাইগার্স, কোটোকো হ্যাপি বয়েজ এবং এনসামি মাইটি বার্ডসকে ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
শিভুলানি ডেঞ্জারাস টাইগার্স এবং মাটিয়াসি এফসি টেবিলের শীর্ষে থাকার জন্য লড়ছিল। তৃতীয় বিভাগে উন্নীত হওয়ার ক্ষেত্রে টেবিল টপার হওয়া লাগত। এজন্য দল দুটি সঠিক পথ বেছে নেয়নি।
এনসামি মাইটি বার্ডসকে ৫৯-১ গোলে হারায় মাটিয়াসি এফসি। আরেক ম্যাচে কোটোকো হ্যাপি বয়েজকে ৩৩-১ গোলে পরাজিত করে শিভুলানি ডেঞ্জারাস টাইগার্স।
ফুটবল মাঠের নজিরবিহীন কাণ্ড প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তদন্তের পর ক্লাবগুলোকে দোষী সাব্যস্ত করেছে কর্তৃপক্ষ। নিষিদ্ধ হওয়া ক্লাব ছাড়াও জড়িত দলগুলোর কর্মকর্তাদের পাঁচ থেকে আট মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।






