কাফের চোটে ভুগছেন বাভুমা, দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে শঙ্কা

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ডান পায়ের কাফে (পায়ের পেছনের নিচের অংশের মাংসপেশি) চোট পেয়েছেন সাউথ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও পরে দলের প্রয়োজনে আবার ব্যাটে নেমে ৬৮ রান করে অপরাজিত থাকেন। এই চোটের কারণে তিনি দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করবেন না। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ব্যাটিং করার সময় ডান পায়ের কাফে গুরুতর চোট পান প্রোটিয়া টেস্ট অধিনায়ক। তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অস্বস্তি নিয়ে ৪৯ রান করার পর তিনি ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিংরুমে ফিরেন।
চতুর্থ দিন ম্যাচের ১১৪তম ওভারে রায়ান রিকেলটন আউট হওয়ার পর মাঠে নামেন বাভুমা। এরপর কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসনের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। তবে চোটের তীব্রতার কারণে সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবেন না। তার অনুপস্থিতিতে মাঠে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক এইডেন মার্করাম।
আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাভুমার খেলার বিষয়ে টিম ম্যানেজমেন্ট এখনও খোলাসা করেনি। তার ফিটনেস নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।
সাউথ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে এটি বাভুমার ১৬তম ম্যাচ। এর আগে অধিনায়ক হিসেবে তিনি মাত্র একটি টেস্টে হেরেছিলেন। ২০২৪ সালের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে একটি টেস্ট মিস করেন। একই চোটে পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজও খেলতে পারেননি।




