ক্রিকেট

শাস্তি পেলেন ইবাদত, জরিমানার সঙ্গে জুটল ডিমেরিট পয়েন্টও

শাস্তি পেলেন ইবাদত, জরিমানার সঙ্গে জুটল ডিমেরিট পয়েন্টও

সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাটারের দিকে বল ছুঁড়ে মেরে শাস্তি পেয়ছেন বাংলাদেশ পেসার ইবাদত হোসেন। আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি। সেখানে বলা হয়েছে, আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন ইবাদত। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারীদের আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে বল ছুড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ।

প্রোটিয়াদের প্রথম ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটে। ব্যাটার নিরাপদে ক্রিজে অবস্থান নেওয়ার পরও তার দিকে বিপজ্জনক ও অনুপযুক্তভাবে বল ছুড়ে মারেন ইবাদত। ফলে আম্পায়াররা তার বিরুদ্ধে অভিযোগ আনেন।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন ইবাদত। নিজের অপরাধ স্বীকার করায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন আনুষ্ঠানিক সতর্কতা এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে।

কোনো খেলোয়াড়ের ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুই সাসপেনশন পয়েন্ট হলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টুয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হয়।

বিষয়:ইবাদত জোহানেসবার্গ টেস্ট বাভুমা বাংলাদেশ রাবাদা রিকেলটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…