হোবার্টে টানা দ্বিতীয় মৌসুমে রিশাদ, প্রথমবার কেমন খেলেছিলেন
বিগ ব্যাশ

অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসে টানা দ্বিতীয় মৌসুমে খেলবেন রিশাদ হোসেন। বাংলাদেশের তারকা লেগ স্পিনারকে আবারও দলে টেনেছে ক্লাবটি। আসছে মৌসুমের জন্য বোলিং আক্রমণ শক্তিশালি করতে ২৪ বর্ষী স্পিনারকে ফিরিয়ে নিলো হোবার্ট।
বিগ ব্যাশে অভিষেক মৌসুমে হ্যারিকেনসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রিশাদ। হোবার্টের মূল লক্ষ্য ছিল বোলিং লাইনআপে অজি তারকা অ্যাডাম জাম্পার সঙ্গে রিশাদ হোসেনের সমন্বয়ে একটি শক্তিশালী লেগ স্পিন জুটি গড়া।
টুর্নামেন্টে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ। ১২ ম্যাচে ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছিলেন। তার সেরা বোলিং ফিগার ছিল ৩/২৬। মৌসুম শেষে অসাধারণ পারফরম্যান্সে হ্যারিকেনসের হয়ে বিবিএল প্লেয়ার অব দ্য ইয়ার হন।
হ্যারিকেনসের জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমস জানিয়েছেন, হোবার্টে ফিরে আসার ব্যাপারে রিশাদের দৃঢ় ইচ্ছা চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
বিমস বলেছেন, ‘রিশাদ আমাদের কাছে পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে, গত মৌসুমে হোবার্টে কাটানো সময় দারুণ উপভোগ করেছেন এবং ফিরে আসতে চান। বিষয়টি আমাদের কাছে অনেক অর্থবহ ছিল। অ্যাডাম জাম্পার অন্তর্ভুক্তির ফলে আমাদের দলের কাঠামো কিছুটা পরিবর্তিত হয়েছিল। কিন্তু রিশাদের মতো মানের একজন খেলোয়াড় যখন হ্যারিকেনসে ফিরে আসার জন্য এতটা দৃঢ়প্রতিজ্ঞ থাকেন, তখন আমরা তাকে ফেরানোর সবরকম সুযোগ কাজে লাগাতে চেয়েছি।’
চলতি বছরের ডিসেম্বরে বসবে বিগ ব্যাশের ১৬তম আসর। মাসের ১৭ তারিখ ব্রিসবেন হিটের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে হোবার্ট হ্যারিকেনস।






