কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। ঈদ উপলক্ষে স্ত্রী, সন্তানসহ শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।
আজ ৩ জুলাই সোমবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার ক্ষুদিরজঙ্গল বন্দের বাড়ি থেকে মঞ্জিল মিয়া নামক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত মঞ্জিল মিয়া (২৭) জেলার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়া এলাকার আবু তাহেরের ছেলে।
জানা গেছে, গতকাল স্ত্রীর সাথে তার কেনো একটি বিষয় নিয়ে মনোমালিন্য হয়। পরে সন্ধ্যার দিকে স্ত্রীর সাথে রাগ করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যান মঞ্জিল মিয়া। রাতে আর ফিরে আসেননি তিনি। সকালে তার শ্যালিকা ঘুম থেকে উঠে তাকে ঘরের বারান্দায় প্লাস্টিকের দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মৃত মঞ্জিল মিয়ার মামাতো ভাই মোহাম্মদ হোসেন বলেন, মঞ্জিল মিয়াকে শ্বশুর বাড়ির লোকজন মেরে ঝুলিয়ে রেখেছেন। কারণ মঞ্জিলের স্ত্রীর অন্য ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা জানতে পেরেছি। সে কারণেই তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়।
করিমগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







