একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা নিয়ে প্রায় ২৪ বছর ফাঁসির সেলে (কনডেম সেল) থাকা শরীফা বেগমের আপিল শুনানি হবে বৃহস্পতিবার।
গত ১ জুলাই দৈনিক দেশ রূপান্তরে ‘ফাঁসির দিন গুনে এক নারীর ২৪ বছর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি প্রধান বিচারপতির নজরে আসার পর শরীফার আপিল মামলা দ্রুত শুনানির উদ্যোগ নেন প্রধান বিচারপতি। এরপর আপিলটি শুনানির কার্যতালিকায় আসে।
আজকের কার্যতালিকার ৮০ নম্বর ক্রমিকে থাকা আইটেমটি দ্রুত শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সর্বোচ্চ আদালতকে এই আইনজীবী বলেন, ‘সম্ভবত দেশের ইতিহাসে এতো বছর কোন নারী বন্দীর কনডেম সেলে থাকা এটাই একমাত্র ঘটনা। তাই বিষয়টির দ্রুত শুনানির আবেদন করছি।’
এরপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য থাকবে বলে আগামীকাল কার্যতালিকার ১০ নম্বর আইটেমের মধ্যে রাখতে নির্দেশ দেন।








