টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে সোলারিক

সিঙ্গাপুরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নকারী প্রতিষ্ঠান সোলারিক (সোলার ইন্টারকন্টিনেন্টাল লিমিটেড) অংশ নিচ্ছে টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬-এ।
শিল্পকারখানার জন্য আধুনিক ও টেকসই রুফটপ সোলার সলিউশন প্রদানে বিশেষায়িত প্রতিষ্ঠানটি দেশের শিল্পখাতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের শিল্পখাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সোলারিক ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ১৯৬ মেগাওয়াটপিক সৌরবিদ্যুৎ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে এবং বর্তমানে দেশজুড়ে ৮৫টি কার্যকর প্রকল্প পরিচালনা করছে।
সোলারিকের অন্যতম বৃহৎ অর্জন হলো চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) ইয়াংওয়ান কর্পোরেশনের জন্য বাস্তবায়িত বিশ্বের বৃহত্তম ৫২ মেগাওয়াটপিক রুফটপ সোলার ইপিসি প্রকল্প। এছাড়া, হা-মীম গ্রুপের জন্য ২৮ মেগাওয়াটপিক ক্ষমতাসম্পন্ন একটি রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে সোলারিকের পরিচালক – বিজনেস ডেভেলপমেন্ট, ইঞ্জি. নাজনীন আক্তার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো শিল্পখাতে সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুতের ব্যবহার আরও সহজলভ্য করে তোলা এবং বাংলাদেশকে সবুজ জ্বালানির পথে এগিয়ে নেওয়া। আমরা মনে করি, শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬-এ অংশগ্রহণের মধ্য দিয়ে সোলারিক বিশেষ করে টেক্সটাইল ও সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তা, বিনিয়োগকারী, জ্বালানি খাতের পেশাজীবী এবং প্রযুক্তি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করতে চায়। পাশাপাশি, শিল্পখাতে রুফটপ সোলারের সম্ভাবনা তুলে ধরা, নতুন ব্যবসায়িক সহযোগিতা গড়ে তোলা এবং দেশের সবুজ জ্বালানি রূপান্তরে আরও কার্যকর ভূমিকা রাখাই এ অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য।




