বাংলাদেশের বিপক্ষে ‘পরিকল্পনা’ ভালোভাবে কাজে লাগায় আমরা ফাইনালে

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে পেরে উঠেনি বাংলাদেশ দল। সেমিফাইনালে হারের পর সমর্থকরা বেশ হতাশ হন, শুরু হয় কোচের কৌশল নিয়ে নানা সমালোচনা। ফাইনালের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি উঠে আসে। বাংলাদেশের হার নিয়ে কথা বলেছেন পাকিস্তানের পেরুভিয়ান কোচ নলবার্তো সোলানো। তিনি বলেছেন বাংলাদেশের বিপক্ষে তার পরিকল্পনা কাজে লাগায় জিতেছে তার দল।
ফাইনালের আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করে সাফ। স্বাগতিক বাংলাদেশ ফাইনালে না থাকায় সবার আগ্রহে ভাটা পড়েছে। বাংলাদেশের ম্যাচের আগে সাংবাদিকদের মধ্যে যে আমেজ ছিল সেটি এখন আর নেই। তারপরও বেশ কিছু সাংবাদিক হাজির হয় সংবাদ সম্মেলনে। জানতে চাওয়া হয় ভারত-পাকিস্তান ফাইনাল প্রসঙ্গে।
এক পর্যায়ে পাকিস্তানের কোচ সোলানোকে প্রশ্ন করা হয় তার কৌশলই কি পার্থক্য গড়ে দিয়েছিল? তার উত্তর ছিল এমন, ‘অবশ্যই আমাদের পরিকল্পনা থাকে। ফুটবলে এটি কোনো গোপন বিষয় নয়। আমরা জানতাম, বাংলাদেশের খুব ভালো দল রয়েছে। তাদের আক্রমণভাগে অসাধারণ ব্যক্তিগত দক্ষতার খেলোয়াড় রয়েছে। অভিজ্ঞ খেলোয়াড়ও রয়েছে।’
‘আমরা তাদের শক্তির জায়গাগুলো জানতাম। তাই তাদের খেলোয়াড়দের বলের ওপর নিয়ন্ত্রণ দিতে চাইনি, সুযোগ দিতে চাইনি। কারণ তাদের যে মানের খেলোয়াড় রয়েছে, তারা সুযোগ পেলে আমাদের ক্ষতি করতে পারত। আমি ছেলেদের নিয়ে সত্যিই গর্বিত। তারা খুব ভালো কাজ করেছে।’
দীর্ঘ দিন কাজের অভিজ্ঞতা তুলে ধরে সোলানো আরও বলেন, ‘আমরা এখন এক বছর ধরে একসঙ্গে কাজ করছি। আমরা একে অপরকে বুঝি। ফলাফল পেতে কী করতে হবে, সেটি জানি। প্রত্যেক কোচেরই পরিকল্পনা থাকে। কে ভালো, কে খারাপ, সেটি আমি বলব না। আমরা সব কোচকেই সম্মান করি। ফুটবলে লুকানোর কিছু নেই। টেলিভিশনে সবকিছু দেখা যায়। সবাই নিজেদের সেরা প্রস্তুতি নেয়।’
নিজের পরিকল্পনার সফল প্রয়োগ নিয়ে পাকিস্তান কোচ আরও বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। তাদের বিপক্ষে আমাদের পরিকল্পনা ভালোভাবে কাজে লেগেছে। আর সে কারণেই আমরা এখন ফাইনালে।’
কোচের পরিকল্পনা সফল করতে চাওয়া পাকিস্তান অধিনায়ক আবদুল্লাহ ইকবাল বলে, ‘ফাইনাল অবশ্যই বড় একটি ম্যাচ। তবে আমাদের এটিকে অন্য ম্যাচের মতোই দেখতে হবে। কোচ আমাদের যে পরিকল্পনা দিয়েছেন, সেটিতে মনোযোগ দিতে হবে। মাঠে একে অপরকে সহযোগিতা করতে হবে এবং স্বাভাবিকভাবে খেলতে হবে।’
‘বাড়তি কিছু করার দরকার নেই। অবশ্যই ফাইনাল জেতার চাপ রয়েছে। আমাদের দেশের জন্য এটি অনেক বড় বিষয়। ইতিহাস গড়ার সুযোগ আমাদের অনুপ্রাণিত করছে আরও ভালো করতে।’ সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে প্রথমবার সাফের ফাইনালে উঠেছে পাকিস্তান।






