ফুটবল

সমর্থকদের ‘উচ্চ প্রত্যাশা’, ‘হতাশ’ খেলোয়াড়রাও

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সমর্থকদের ‘উচ্চ প্রত্যাশা’, ‘হতাশ’ খেলোয়াড়রাও

দুর্দান্তভাবে সাফ শুরু করেছিল বাংলাদেশ। সেমিফাইনালে এসে ম্যাচ শেষের ৪ মিনিট আগে স্বপ্নভঙ্গ হয়েছে স্বাগতিকদের। ম্যাচজুড়ে হামজা চৌধুরী-ফারহান আলী ওয়াহিদের বল দখল ও আক্রমণে ছিল দাপট। তবে পাকিস্তান ১-০ গোলে জিতে সাফের ইতিহাসে প্রথমবার ফাইনালে পৌঁছেছে। ম্যাচের পর বাংলাদেশ কোচ থমাস ডুলি বলেছেন, বেশ হতাশ দল এবং সমর্থকদের আশাও পূরণ হয়নি।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে শনিবার ৮৬ মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। গোলরক্ষক শ্রাবণের ভুল পাসে বল পান পাকিস্তানের আব্দুল সামাদ। দুজনকে কাটিয়ে বাঁ-পায়ে জোরাল শট নেন, বল জড়ায় জালে, ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। ওই গোলেই জয়ে ফাইনালে যায় পাকিস্তান।

পরে ডুলি বলেছেন, ‘কল্পনা করতে পারেন যে আমরা সবাই কতটা হতাশ। ফলাফল বেশ কষ্টদায়ক এবং আমরা সবাই বেশ মর্মাহত। এটি আমাদের জন্য শুরু থেকেই কঠিন ম্যাচ ছিল, আমরা সেভাবে খেলায় পুরোপুরি ঢুকতে পারিনি।’

‘তারা গোল করতে পেরেছে। আমরা শেষ কয়েকটা খেলায় যা করার চেষ্টা করছিলাম, শুরু থেকেই কয়েক মিনিটের মধ্যে বল পেয়ে তা খেলেছি, যাতে খেলোয়াড়রা কিছুটা আত্মবিশ্বাস, পাসিং ও কমফোর্ট পায়। কিন্তু এটা ঘরের মাঠে খেলা, তাই সমর্থকদের প্রত্যাশা অনেক উঁচুতে থাকে। তাদের মতে, আমাদের জিততে হবে, সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন হতে হবে, পাকিস্তান ও অন্যান্য দলের বিরুদ্ধে আমাদের এই ম্যাচগুলো জিততেই হবে।’

‘আসলে আমরা খেলায় সেভাবে ডুকতে পারিনি, গোল হজম করতে হয়েছে। বল আমাদের দখলে আনতে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তখনই তারা আমাদের উপর চাপ সৃষ্টি করে। খেলায় এমন মাঝেমধ্যে হয় যে, এক বা দুটি ভুল করবেন এবং ভালো করার চেষ্টা করবেন, কিন্তু তা কাজে দেবে না। আবার চেষ্টা করবেন, তাও যদি কাজ না করে, তবে খেলোয়াড়রা নার্ভাস হয়ে পড়ে এবং দলের মধ্যে তা ছড়িয়ে পড়ে।’

১৭ নভেম্বর ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে পাকিস্তান।

বিষয়:থমাস ডুলি পাকিস্তান বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…