জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, প্রধান ফটক বন্ধ

ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। আন্দোলনকারীরা উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও করে অবস্থান নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়েছেন। এতে ভিসিসহ সব কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ক্যাম্পাসে এলে তাকে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। বিকেল ৩টার দিকে প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন তারা। সন্ধ্যা ৭টা পর্যন্ত উপাচার্যসহ কোনো কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাস থেকে বের হতে পারেননি।
আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহালের নির্দেশনা পেলেও তারা এখনো প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা পাচ্ছেন না। ২০২৫ সালের ২৭ মে দেওয়া রায়ে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না উল্লেখ করে বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তারা।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিরের সভাপতিত্বে সোমবার সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা।
উল্লেখ্য, ২০০৩ ও ২০০৪ সালে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে রোববার (১৫ নভেম্বর) থেকে আন্দোলনে নেমেছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধে কর্তৃপক্ষ আন্তরিক। তবে এ জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আন্দোলনকারীরা সেই প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে অর্থ দাবি করছেন বলেও অভিযোগ করেন তিনি।






