‘সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, আমি আছি?’

মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এর মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা সোহেল খান। অভিনয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্যে অল্প সময়েই জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সেই সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকাহত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সোহেল খানের মৃত্যুর খবর যেন মেনে নিতে পারছেন না এই নির্মাতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।’
সোহেল খানের ফটোকার্ডটি মৃত্যুর আগের দিন হঠাৎ চোখে পড়ার বিষয়টিও ভাবাচ্ছে ফারুকীকে। সেই অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, “আমি আছি”?’
‘৪২০’ ধারাবাহিকের মাধ্যমে সোহেল খানকে দর্শকের কাছে পৌঁছে দিয়েছিলেন ফারুকী।






