অন্যান্য

‘এরকম চরিত্র মার্কেজও লিখতে পারতো না’

‘এরকম চরিত্র মার্কেজও লিখতে পারতো না’

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নানা ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে ‘নন পলাতক আওয়ামী লীগ’ নামে একটি রাজনৈতিক পরিচয় সামনে এনে আলোচনায় এসেছেন অ্যাডভোকেট কামাল উদ্দিন।

নিজেকে এই সংগঠনের সভাপতি ঘোষণা করার পাশাপাশি ফেসবুকে বিভিন্ন দাপ্তরিক পদে ব্যক্তিদের নামও প্রকাশ করছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে হাস্যরস। এবার এ নিয়ে কটাক্ষ করলেন সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফারুকী ‘নন পলাতক আওয়ামী লীগ’ এবং এর সভাপতি হিসেবে কামাল উদ্দিনের আত্মপ্রকাশকে বাংলাদেশের জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতার এক অদ্ভুত উদাহরণ হিসেবে তুলে ধরেন। তার মতে, এমন একটি চরিত্র ও রাজনৈতিক পরিস্থিতি কল্পনা করাও কঠিন।

ফারুকী লিখেছেন, “জুলাই পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতা নিয়া লিখতে গেলে যতোই ক্রিয়েটিভই আপনি হন না কেন, অ্যাডভোকেট কামাল উদ্দিনের মতো একটা চরিত্র আপনি কল্পনা করতে পারতেন না।”

কামাল উদ্দিনের নিজেকে ‘নন পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি ঘোষণা করার বিষয়টি উল্লেখ করে তিনি আরও লেখেন, “আপনি নন পলাতক আওয়ামী লীগ নামে কোনো দল কল্পনা করতে পারতেন না। আবার তার একজন সভাপতি কল্পনা করতে পারতেন না। আজকে দেখলাম তাদের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হচ্ছে। পুরা কমিটি গঠন প্রক্রিয়া লাইভ দেখতে তার ফেসবুকে নজর রাখতে পারেন।”

সাহিত্যে জাদুবাস্তবতার যাদুকর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, “এরকম চরিত্র মার্কেজও লিখতে পারতো না।”

বাস্তবতার বিচিত্র রূপ তুলে ধরে ফারুকী পোস্টের শেষাংশে লেখেন, “ট্রুথ ইজ স্ট্রেন্জার দ্যান ফিকশন। সেই জন্য আমি ট্রুথ চেজ করি। ফিকশন আপনা আপনিই হয়ে যায়।”

বিষয়:জাদুবাস্তবতা মার্কেজ মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…