৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

ছবি: সংগৃহীত
দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ‘দ্য আর্ট অব কংক্রিট’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকৌশলী, স্থপতি ও নির্মাণশিল্পের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া, সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।
অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, তাদের লক্ষ্য শুধু নির্মাণসামগ্রী সরবরাহ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের কার্যকর নির্মাণ সমাধান দেওয়া। প্রকৌশলী ও স্থপতিদের সম্মাননা তাদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে ভূমিকার প্রতি শ্রদ্ধার প্রকাশ।
আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কংক্রিট প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। মানসম্মত কংক্রিট উৎপাদনে সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি ও কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ জরুরি। আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ এবং আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের গ্রাহক, প্রকৌশলী, স্থপতি ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
আকিজ রেডিমিক্সের অর্জন ও সাফল্য উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও জোরদার করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।






