এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক কাঠামো তৈরির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক নীতিমালা ও নজরদারি কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ লক্ষ্যে সদস্যরাষ্ট্রগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে এআই নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে গুতেরেস বলেন, এআইয়ের ঝুঁকি ব্যবস্থাপনায় নীতিভিত্তিক ও বহুপক্ষীয় বৈশ্বিক কাঠামো প্রয়োজন। একই সঙ্গে এই কাঠামোর কার্যক্রম তদারকির জন্য স্বাধীন ও বিশ্বাসযোগ্য নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। দায়িত্বের শেষ পর্যায়ে এসে এআইসহ উন্নত প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন তিনি। তার আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে প্রাণঘাতী অস্ত্র পরিচালনাকারী ‘কিলার রোবট’ বাস্তবে রূপ নিতে পারে।
সম্মেলনে গুতেরেস বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থার অনেক প্রতিষ্ঠান এখনো ১৯৪৫ সালের বাস্তবতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। অথচ বর্তমান বিশ্বের পরিস্থিতি অনেক বদলে গেছে। এ কারণে জাতিসংঘ, আন্তর্জাতিক আর্থিক কাঠামো ও বিশ্ব বাণিজ্যব্যবস্থাসহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন।
নতুন বছরে দায়িত্ব নিতে যাওয়া তার উত্তরসূরিকেও এআই নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দেবেন বলে জানান গুতেরেস। তার মতে, মানবজাতির নিজেদের ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হলে এআইয়ের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
তবে এআই প্রযুক্তির আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এআই গবেষণা ও উন্নয়নে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা বৈশ্বিক সমঝোতার পথে বড় বাধা হয়ে রয়েছে।
গুতেরেসের প্রস্তাব, প্রাথমিক পর্যায়ে দেশগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তাব্যবস্থা, এআই প্রযুক্তি পরীক্ষার পদ্ধতি এবং স্বাধীন নজরদারির মৌলিক নীতিগুলো নিয়ে ঐকমত্য গড়ে তোলা যেতে পারে।
এআই নিয়ন্ত্রণ নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যেও মতভিন্নতা রয়েছে। গত সেপ্টেম্বরে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান। অন্যদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দ্রুত এআই উন্নয়নের পক্ষে অবস্থান নেন।
এদিকে এআই উন্নয়নে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে শিগগিরই কঠোর সরকারি নিয়ন্ত্রণ আরোপের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এআই নিরাপত্তার বিষয়ে একটি স্বেচ্ছামূলক আচরণবিধি মেনে চলতে সম্মত হন তারা।





