রাষ্ট্রীয় বিমানের প্রস্তাবে হাতকড়ার পাল্টা হুঁশিয়ারি
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, প্রত্যর্পণ ছাড়া ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় বিমানে চড়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে শেখ হাসিনাকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তার দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছে। ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থানরত শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানালেন।
শেখ হাসিনার মুখপাত্রের যুক্তি, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং দিল্লি থেকে ঢাকায় তার ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করার দায়িত্বও বাংলাদেশ সরকারের।
তবে রয়টার্সকে দেওয়া প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করেছেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। প্রত্যর্পণ চুক্তির আওতায় কঠোর নজরদারিতে তাকে ফিরিয়ে আনার পক্ষেই সরকারের অবস্থান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। বাংলাদেশে ফিরতে হলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে।
এর আগে চলতি নভেম্বরের শুরুতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের করা প্রত্যর্পণ আবেদন পর্যালোচনার কথা জানিয়েছিল ভারত। তবে ১৬ ডিসেম্বর দেশে ফেরার নতুন প্রস্তাব নিয়ে রয়টার্সের প্রশ্নে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।





