স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন তিন বাহিনীর মহড়া

নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন সরকারপ্রধান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি সেখানে পৌঁছান। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিশেষ এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন সামরিক কৌশলও পর্যবেক্ষণ করবেন তিনি।
সংশ্লিষ্ট মহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা, পারস্পরিক সমন্বয় এবং সামরিক দক্ষতার বিভিন্ন দিক তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মহড়া ও সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।





