সোহেল খানের মৃত্যুর আগে কী ঘটেছিল, জানালেন সহশিল্পী জয়

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা যান এই অভিনেতা।
সহশিল্পী, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর আগমুহূর্তের ঘটনা তুলে ধরেছেন।
জয়ের বর্ণনা অনুযায়ী, বগুড়ার হোটেল মম ইনে একই সিনেমার শুটিংয়ের জন্য অবস্থান করছিলেন তারা। শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে সকালে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে তৈরি হয়েছিলেন সোহেল খান। নিচে গাড়িও অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশনের একজন তাকে নিতে কক্ষে গেলে রুম থেকে বের হওয়ার মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
জয় আরও জানান, মাটিতে পড়ে যাওয়ার পর সোহেল খানের মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। এর কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন তিনি। প্রথমে উপস্থিত অনেকের ধারণা হয়েছিল, ফল খাওয়ার কোনো প্রতিক্রিয়া থেকে এমনটি হতে পারে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্টে জয় লেখেন, ‘প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার।





