বিনোদন

মারা গেছেন ‘রোকযানা’ গানের শিল্পী সাহেদ

মারা গেছেন ‘রোকযানা’ গানের শিল্পী সাহেদ

জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

এই শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী পান্থ কানাই। সাহেদের মৃত্যুর খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘ভাই আর আমাদের মাঝে নেই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

নিজের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হবেন ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার বাদ আসর ঢাকার গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক  জানাজা ও দাফনের সময়সূচি জানিয়েছেন। তিনি জানান, হাসপাতাল থেকে সাহেদের মরদেহ শেষ গোসলের জন্য নেওয়া হয়েছে।

গোসল শেষে মরদেহ নেওয়া হবে গোপীবাগ আড়াই লেনের বাসায়। সেখান থেকে জানাজার জন্য মসজিদে নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর স্বাভাবিকভাবে কথা বলতেও অসুবিধা হচ্ছিল তার। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

কিডনিজনিত সমস্যার পাশাপাশি স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস ভাইরাসজনিত রোগে ভুগছিলেন শেখ সাহেদ আলী। সর্বশেষ রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

নব্বইয়ের দশক থেকে সংগীতের সঙ্গে যাত্রা সাহেদ আলীর। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন তিনি। তাঁর গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এ ছাড়া ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’সহ বেশ কিছু গান তাঁকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে।

১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর সংগীতজীবনে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। সাহেদের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়:শেখ সাহেদ আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…