বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’র শুটিং শেষ, স্মৃতিতে ডুবে কী বললেন কাবিলা?

‘ব্যাচেলর পয়েন্ট’র শুটিং শেষ, স্মৃতিতে ডুবে কী বললেন কাবিলা?

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়াল এবং কয়েকটি চরিত্র আর অসংখ্য স্মৃতি। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ হয়ে উঠেছে আবেগের অন্য নাম! দীর্ঘ ৯ বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় এই ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং।

এই জার্নির শেষলগ্নে স্মৃতিতে ডুব দিলেন নাটকটির জনপ্রিয় চরিত্র কাবিলা ওরফে জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মঙ্গলবার বিকেলে একটি আবেগঘন একটি পোস্ট দিয়েছেন পলাশ।

সেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেছেন এই অভিনেতা। রাজধানীর লালমাটিয়ার যে রাস্তা, গাছতলা আর চেনা বিকেলগুলো থেকে শুরু হয়েছিল তার এই যাত্রা, সেসব স্মৃতিই যেন নতুন করে ফিরে এসেছে তার মনে।

পোস্টে পলাশ লিখেছেন, এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’

শুরুর দিনের স্মৃতিচারণ করে তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন কেবল একটি গল্পের শুরু হয়েছিল। এরপর দেখতে দেখতে কেটে গেছে দিন, বছর। বদলেছে ঋতু, বদলেছে চারপাশের অনেক কিছু। সেই সঙ্গে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’, আর অজান্তেই সেই গল্পের সঙ্গে নিজেও বড় হয়ে উঠেছেন তিনি।

সিজন ফাইভের শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পলাশ লিখেছেন, একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, তা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে কাটানো সময়ের দিকে তাকালেই বোঝা যায়। অসংখ্য সকাল, রাত, অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ মিলিয়ে কখন যে একটি নাটক জীবনের অংশ হয়ে উঠেছে, তা বুঝতেই পারিনি।

নিজের অনুভূতি প্রকাশে পলাশ আরও লেখেন, ‘এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?’

পোস্টের শেষাংশে যেন বিদায়ের বেদনার পাশাপাশি রয়ে গেছে এক নস্টালজিক অনুভূতি। পলাশের ভাষায়, ‘মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।’

সবশেষে নিজের শুরুর দিনের সেই তরুণের কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ২০১৭ সালে যাত্রা শুরু করেছিল। সময়ের সঙ্গে এর চরিত্রগুলো দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশও অর্জন করেন তুমুল জনপ্রিয়তা।

দীর্ঘ নয় বছরের এই পথচলায় অসংখ্য দর্শকের ভালোবাসা পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়া তাই শুধু একটি নাটকের সমাপ্তি নয়, সংশ্লিষ্টদের কাছে এক আবেগঘন অধ্যায়ের ইতি।

বিষয়:কাবিলা জিয়াউল হক পলাশ ব্যাচেলর পয়েন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…