ফুটবল

ক্লাব ছাড়ছেন শুকি, বললেন এটাই আমার দেশ

ক্লাব ছাড়ছেন শুকি, বললেন এটাই আমার দেশ

এ বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে খেলতে এসেছিলেন জাপানি বংশোদ্ভূত ফরোয়ার্ড শুকি ইতোফুসা। যোগ দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ক্লাব ফর্টিস এফসিতে। তবে ছয় মাস না পেরোতেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আপাতত গতিশীল এবং আরও প্রতিযোগিতাপূর্ণ ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। দুপুর আড়াইটায় মাঠে নেমেছিল ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ৩-০ গোলে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের পর আবারও প্রতিযোগিতায় ফিরেছে ক্লাবটি। ম্যাচ শেষের পর ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে নিজের কথা সংবাদমাধ্যমে জানান শুকি।

বাংলাদেশ প্রতিনিধিত্ব করলেও শুকি এখনও বাংলা বলতে পারেন না। আবার ইংরেজিও ঠিকঠাক বলতে পারেন না তিনি। ফলে ফর্টিস এফসির সভাপতি শাহিন হাসান শুকির দোভাষী বা অনুবাদক হিসেবে কাজ করেছেন। শুকিকে ইংরেজিতে প্রশ্ন করার পর সেটি বুঝিয়ে দিয়ে জাপানীজ ভাষায় উত্তর দেন তিনি।

বাংলাদেশের ক্লাব ছাড়া প্রসঙ্গে শুকি বলেন, ‘আমার নিজের একটি ইচ্ছা রয়েছে, শীর্ষস্থানীয় কোনো লিগে উচ্চ পর্যায়ের ফুটবল খেলার। জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করতে, জাতীয় দলের হয়ে উজ্জ্বলতা ছড়াতে চাই। আমি অন্য একটি লিগে নিজেকে আরও পরিণত করতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই যেন আবারও বাংলাদেশ দলের সদস্য হিসেবে দলকে জয় এনে দিতে পারি।’

‘জাতীয় দলে ফিরে এসে, যেকোনো সময় পারফর্ম করতে চাই। আমি আবারও বাংলাদেশে ফিরে আসব, কারণ এটা আমার দেশ। আমি জাতীয় দল এবং ক্লাব দুই জায়গাতে খেলাই উপভোগ করি।’

অন্য কোথায় খেলতে যাচ্ছেন এমন প্রশ্নে শুকি বলেন, ‘আমি খেলতে যাচ্ছি আপাতত এটাই। তবে কোথায় যাচ্ছি সেটা জানি না। আপাতত খুঁজছি। আমার এজেন্ট কথা বলছে ক্লাবগুলোর সাথে। বাংলাদেশের লিগও বেশ ভালো।’

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় শুকি ইতোফুসার। আসরে তিনটি ম্যাচে খেলেছিলেন তিনি। এরপর ঘরের মাঠে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচে খেলার সুযোগ পান।

বিষয়:আসিয়ান কাপ জাপান ফর্টিস ফেডারেশন কাপ বাংলাদেশ শুকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…