নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিএনএনআরসির ১৬ দিনের প্রচারাভিযান

ছবি: সংগৃহীত
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যায়বিচার, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং দায়মুক্তির অবসানের আহ্বান নিয়ে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান পরিচালনা করবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ প্রচারাভিযান চলবে।
‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পটি ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে। এতে অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে জিএফএ কনসালটিং গ্রুপ।
প্রচারাভিযানের মূল বার্তা, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে এক হই। ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান।’ প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিকার ও সহায়তা পাওয়ার পথ সম্পর্কে তথ্য প্রচার এবং স্থানীয় পর্যায়ে সহযোগিতা জোরদার করা এ উদ্যোগের লক্ষ্য।
ডিজিটাল প্রযুক্তি, নারীর শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ও মতপ্রকাশের নতুন সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে অনলাইনে যৌন হয়রানি, হুমকি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ভুয়া পরিচয়ে প্রতারণা এবং সম্মতি ছাড়া ছবি বা তথ্য প্রকাশের মতো সহিংসতার ঝুঁকিও রয়েছে।
এ ধরনের সহিংসতা নারীর নিরাপত্তা, মর্যাদা ও মানসিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর প্রভাবে অনেকে অনলাইন কার্যক্রম, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ ও ডিজিটাল সেবা গ্রহণ থেকে দূরে সরে যেতে পারেন। ফলে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ নারীর অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ।
ছয় জেলায় সংবাদ ব্রিফিং ও ৩৬ নারীকে সম্মাননা
প্রচারাভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ময়মনসিংহ জেলায় পৃথক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হবে।
নারীর অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, আইনি ও মানবিক সহায়তা এবং ডিজিটাল উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় জেলার মোট ৩৬ জন নারী ও তরুণীকে সম্মাননা জানানো হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে তাঁদের অবদান তুলে ধরার পাশাপাশি অন্যদেরও সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে উৎসাহিত করার লক্ষ্য রয়েছে।
স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বিশেষত টিএফজিবিভির বাস্তব চিত্র, প্রতিরোধের চ্যালেঞ্জ এবং প্রতিকার পাওয়ার প্রতিবন্ধকতাগুলো গণমাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। এসব বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সহিংসতার শিকার ব্যক্তিদের সম্মতি, গোপনীয়তা, নিরাপত্তা ও মর্যাদার প্রতি সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ।
নয়টি কমিউনিটি রেডিওতে বিশেষ আয়োজন
প্রচারাভিযানের আওতায় দেশের নয়টি কমিউনিটি রেডিওতে নয়টি বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। এসব অনুষ্ঠানে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতার ধরন, প্রতিরোধের উপায়, অভিযোগ জানানোর প্রক্রিয়া এবং আইনি ও অন্যান্য সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে তথ্য তুলে ধরা হবে।
প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজ ও বোধগম্য ভাষায় প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রচারাভিযানের বিভিন্ন আয়োজনে ছয় জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের আনুমানিক ৭২ জন সাংবাদিক সরাসরি অংশ নেবেন। পাশাপাশি সম্মাননার জন্য নির্বাচিত ৩৬ জন নারী ও তরুণী, স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয় জেলার ফোকাল পারসন এবং নয়টি কমিউনিটি রেডিওর কর্মীরা যুক্ত থাকবেন।






