জনপদ

প্যারোলে মুক্তি পেয়ে ১৮ বছর পর বাড়ি ফিরছেন বাদল ফরাজী

প্যারোলে মুক্তি পেয়ে ১৮ বছর পর বাড়ি ফিরছেন বাদল ফরাজী

ছবি: সংগৃহীত

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাদল ফরাজী দীর্ঘ ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরছেন। মায়ের অসুস্থতার কারণে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার তাকে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। এর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ পাহারায় তাঁকে বাগেরহাটে নিয়ে আসা হয়। তার বাড়ি বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকায়। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় বাদল ফরাজীকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়েছে। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আজ নাকি আগামীকাল তাকে গ্রামের বাড়ি মোংলায় পৌঁছে দেওয়া সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাদল ফরাজীর বোন বলেন, দীর্ঘ এতগুলো বছর পর ভাইকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকলেও এক মাসের জন্য প্যারোলে মুক্তি পাওয়াটা তাদের প্রত্যাশা ছিল না। তারা চেয়েছিলেন, ভাই স্থায়ীভাবে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে আসুক। কিন্তু মা অসুস্থ থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে তারা প্যারোলে মুক্তির আবেদন করেন।

তিনি বলেন, বাবা ছেলেকে না দেখেই পৃথিবী থেকে চলে গেছেন। এখন যদি মাও ছেলেকে না দেখে চলে যান, তাহলে সেই কষ্ট সহ্য করার মতো নয়। এত বছর ধরে চেষ্টা করেও মায়ের কাছে ছেলেকে ফিরিয়ে দিতে পারিনি। তাই শেষ সময়ে হলেও মা যেন ছেলেকে দেখতে পারেন, সে জন্য এক মাসের প্যারোল মেনে নিয়েছি।

বাদল ফরাজীর বোন আরও বলেন, তার ভাই নির্দোষ এ কথা দেশের মানুষ ও গণমাধ্যম জানে। এরপরও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও তিনি স্থায়ীভাবে মুক্তি পাননি। ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরার সময় পরিবারের প্রত্যাশা ছিল, নিজ দেশে ফিরে ন্যায়বিচার ও মুক্তি পাবেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। এমনকি ৫ আগস্টের পর বিভিন্ন বন্দির মুক্তির খবরেও তাঁরা আশা করেছিলেন, এবার হয়তো ভাই মুক্তি পাবেন। কিন্তু তা হয়নি।

তিনি সরকারের কাছে বাদল ফরাজীর স্থায়ী মুক্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে বলেন, আমরা চাই না, এক মাস পর আবার ভাইকে কারাগারে ফিরে যেতে হোক। আমরা চাই, সে স্থায়ীভাবে আমাদের কাছে ফিরে আসুক।

প্রসঙ্গত, ২০০৮ সালে ভারতে বেড়াতে গিয়ে নামের মিলের কারণে বাদল ফরাজী ভুলভাবে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়েন। তাঁর নামের সঙ্গে ওই মামলার প্রকৃত অভিযুক্ত বাদল সিংয়ের নামের মিল থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী রয়েছেন।

বিষয়:কারাদণ্ড জেল সুপার মো. মোস্তফা কামাল দিল্লি প্যারোল বাদল ফরাজী হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…