ফুটবল

শুকির ক্লাব ছাড়া নিয়ে যা বলছেন ফর্টিস সভাপতি শাহিন

শুকির ক্লাব ছাড়া নিয়ে যা বলছেন ফর্টিস সভাপতি শাহিন

মাস ছয়েক আগে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে জাতীয় দলের জন্য ট্রায়াল দিতে এসেছিলেন জাপানি বংশোদ্ভূত ফরোয়ার্ড শুকি ইতোফুসা। টিকে যাওয়ার পর ফর্টিস এফসির সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছিলেন। মাত্র ছয় মাস পেরোতেই বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন তিনি। তবে শুকির এমন সিদ্ধান্তে মোটেও অখুশি নন ক্লাবটির সভাপতি শাহিন হাসান।

ফেডারেশন কাপে রহমতগঞ্জের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ফর্টিস এফসি। ৩-০ গোলের জয়ের পর সংবাদমাধ্যমে কথা বলেছেন ক্লাবটির সভাপতি শাহিন হাসান। তিনি জানান, জাতীয় স্বার্থে চুক্তির মেয়াদ পূর্ণ না হলেও এ ফরোয়ার্ডকে ছাড়তে সমস্যা নেই তার।

শুকির দোভাষী হিসেবে কাজ করার পর শাহিন নিজের বক্তব্য তুলে ধরেন, ‘শুকি আমাকে বলেছে ও কেন চলে যেতে চাচ্ছে। ও চলে যেতে চাচ্ছে, কারণ ও একটু গতিশীল ফুটবল খেলতে চায়। ও যেতে চাচ্ছে বাইরের কোনো দেশের ফুটবল, মানে আমাদের চেয়ে যেন গতিশীল একটা লিগ হয়, প্রতিযোগিতাপূর্ণ ভালো খেলা, এরকম একটা ভালো লিগে যাইতে চাচ্ছে। যেন শক্তিশালী হয়ে আবার বাংলাদেশে এসে খেলতে পারে।’

‘তার সাথে আমাদের এক বছরের চুক্তি ছিল। আমরা চাইলে বা আমাদের চুক্তির বেড়াজালে তাকে আটকাতে পারতাম। যেহেতু এখানে জাতীয় দলের ইস্যু, ফর্টিস প্রথম থেকে এমন ক্লাব করেছে যেখানে জাতীয় দল ভালো করলে আমরা ভালো, আমাদের দিনশেষে সাফল্য এটাই। ও যেহেতু একটা তরুণ তারকা, ও যেহেতু আমার দেশি খেলোয়াড়, ওর যেহেতু বাইরের ফুটবল ক্লাবে খেলার একটা সুযোগ আছে, অবশ্যই ফর্টিস এটার ব্যাপারে শতভাগ সমর্থন দিবে। অবশ্যই আমরা তাকে ছেড়ে দিব। সে যেন ওখান থেকে ভালো খেলে আমাদের দেশকে ভালো কিছু দিতে পারে।’

কোনো ক্লাব থেকে প্রস্তাব আছে কিনা এমন প্রশ্নে শাহিন হাসান বলেন, ‘সে তো বলছে প্রস্তাব আছে। একজন খেলোয়াড় নিজের ক্যারিয়ার নিজে ধ্বংস করতে চাইবে না। সে যেহেতু বলছে বাইরের দেশে তার একটা খেলার সুযোগ আছে, অবশ্যই আমি একজন বাংলাদেশি ক্লাব মেম্বার হিসেবে চাইব আমার দেশের ফুটবলাররা বাংলাদেশের বাইরের লিগগুলো খেলে আরও পরিপূর্ণ শক্তি, ভালোভাবে এসে যেন আমাদের দেশের ফুটবলকে ভালো কিছু দিতে পারে।’

বাংলাদেশের লিগের ওপর মনঃক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে কিনা, এমন প্রশ্নে এ ক্লাবকর্তা জানান, ‘এগুলো কোথায় থেকে শুনছেন বা কে বলেছে জানিনা, এটা হইতেও পারে, সেটা তার তার ব্যাপার। কিন্তু আমার সাথে এ কথা হয় নাই। আমার সাথে কথা হইছে, তার একটা ভালো অফার আছে, ওখানে যেতে চাচ্ছে। আমরা বলছি ঠিক আছে, যেহেতু দেশের বাইরে ভালো অফার আছে।’

‘শুধু শুকি বলে না, আমার দেশে কোনো প্লেয়ারেরও যদি এভাবে হত যে মৌসুমের মধ্যবর্তী সময়ে দেশের বাইরে অন্য কারও খেলার সুযোগ আছে, আমি সাথে সাথে তাকে ছেড়ে দিতাম। কারণ আমি চাইবো আমার একটা দেশের খেলোয়াড় যদি বাইরের লিগে গিয়ে খেলতে পারে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। সেখান থেকে নিজেকে ভালোভাবে পরিপূর্ণ করে এসে দেশের ফুটবলে আরও বেশি অবদান রাখবে।’

বিষয়:জাপান ফর্টিস বাংলাদেশ শাহিন শুকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…