তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের

ছবি: সংগৃহীত।
নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে নতুন তথ্য কমিশনকে স্বাধীন, গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। এ জন্য কমিশনারদের বিচারকদের সমমর্যাদা, পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দ এবং অভিজ্ঞ পূর্ণ সচিব নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার ২৪ নভেম্বর ঢাকায় নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎ শেষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরাম জানায়, তথ্য কমিশন নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান। আইনে দেওয়া ক্ষমতাবলে কমিশন দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করতে পারে। প্রয়োজনে জরিমানা আরোপ এবং বিভাগীয় শাস্তির সুপারিশ করার ক্ষমতাও রয়েছে প্রতিষ্ঠানটির।
তথ্য অধিকার ফোরামের মতে, তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের বিধানের অনুরূপ। তাই প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ের হওয়া প্রয়োজন। পদমর্যাদার ক্ষেত্রে বিভিন্ন সময়ে ভিন্নতা থাকলে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেও এই মর্যাদা বাস্তবায়ন জরুরি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেশাদারত্বের সঙ্গে কমিশন পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দ প্রয়োজন। কমিশনের সাচিবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে অভিজ্ঞ ও আইনটির প্রতি সংবেদনশীল একজন পূর্ণ সচিব নিয়োগেরও দাবি জানিয়েছে ফোরাম।
নতুন কমিশনকে স্বাগত জানিয়ে ফোরাম জানিয়েছে, কমিশনকে স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে তারা প্রস্তুত।
তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম স্বাক্ষরিত এ বিবৃতিতে সম্মতি জানিয়েছেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ ব্যারিস্টার সারা হোসেন ও বিভিন্ন নাগরিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।






