সাংবাদিকদের জন্য ফেলোশিপ, অনুদানসহ ১০ পুরস্কারের সুযোগ

এআই দিয়ে সম্পাদিত ছবি।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে অর্থায়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সুযোগ নিয়ে ১০টি ফেলোশিপ, অনুদান, পুরস্কার ও প্রকল্পের আহ্বান প্রকাশ করেছে ইউরো-মেডিটেরেনিয়ান নেটওয়ার্ক অব উইমেন জার্নালিস্টস (ই.এম.এন.ডব্লিউ.জে)।
সোমবার (২৩ নভেম্বর) লিংকডইনে প্রকাশিত এক পোস্টে এসব সুযোগের তথ্য তুলে ধরে সংগঠনটি। এতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য অনুদান, আলোকচিত্র প্রতিযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে অর্থায়নের সুযোগ রয়েছে বলে জানায় সংগঠনটি।
লিংকডইন পোস্টে ই.এম.এন.ডব্লিউ.জে জানায়, তালিকার প্রথম দুটি সুযোগ হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিয়েমান (Nieman Fellowship) ফেলোশিপ ২০২৭-২৮ এবং ইউনিভার্সিটি অব মিশিগানের নাইট-ওয়ালেস (Knight-Wallace) ফেলোশিপ। উভয় কর্মসূচিতে আবেদন করার শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। অন্তত পাঁচ বছরের পূর্ণকালীন সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক সাংবাদিকেরা এসব ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
ই.এম.এন.ডব্লিউ.জে জানায়, নারী ও নন-বাইনারি সাংবাদিকদের জন্য রয়েছে কিম ওয়াল মেমোরিয়াল ফান্ড ২০২৭। ইন্টারন্যাশনাল উইমেনস মিডিয়া ফাউন্ডেশনের এ কর্মসূচিতে প্রতিবেদন তৈরির জন্য ৫ হাজার ডলার অনুদান দেওয়া হবে। আবেদন করতে অন্তত এক বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬।
ইউরোপের অন্তত দুটি দেশের সাংবাদিকদের যৌথ অনুসন্ধানী প্রকল্পে অর্থায়নের জন্য রয়েছে ইউরোপিয়ান ক্রস-বর্ডার গ্র্যান্টস। এতে প্রতি আহ্বানে সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার ইউরো অনুদান পাওয়া যাবে। এ কর্মসূচিতে আবেদনের শেষ সময় ৭ জানুয়ারি ২০২৭।
একই দিন শেষ হবে স্পেনের প্রযুক্তি ও উদ্ভাবনবিষয়ক সাংবাদিকতার জন্য ট্রান্সফিয়েরে জার্নালিজম অ্যাওয়ার্ড ২০২৭-এর আবেদন। লিখিত, অডিওভিজ্যুয়াল ও বেতার সাংবাদিকতার পাশাপাশি এতে জনসাধারণের ভোটে নির্বাচিত কাজের জন্যও পুরস্কার রয়েছে।
আলোকচিত্র সাংবাদিকদের জন্য রয়েছে ওয়ার্ল্ড প্রেস ফটো কনটেস্ট ২০২৭। বিশ্বের পেশাদার আলোকচিত্রীরা এতে অংশ নিতে পারবেন। পুরস্কারের অর্থমূল্য সর্বোচ্চ ১১ হাজার ইউরো। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৩ জানুয়ারি।
এ ছাড়া কৃষি খামারের প্রাণীদের কল্যাণ-বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য রয়েছে দ্য ইনভিজিবল লাইফ গ্র্যান্ট প্রোগ্রাম। এতে অন্তত দুটি দেশের সাংবাদিক বা গণমাধ্যমের যৌথ উদ্যোগে প্রকল্প জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি।
ই.এম.এন.ডব্লিউ.জে আরও জানায়, ইউরোপীয় কমিশনের তিনটি প্রকল্পেও অর্থায়নের সুযোগ রয়েছে। এর মধ্যে আন্তসীমান্ত মিডিয়া সাক্ষরতা প্রকল্পে সর্বোচ্চ ৫ লাখ ইউরো, গণমাধ্যমের মধ্যে সহযোগিতামূলক প্রকল্পে ২০ লাখ ইউরো এবং গণমাধ্যমের বহুত্ববাদ নিয়ে কাজের জন্য ২৫ লাখ ইউরো পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এসব প্রকল্পে আবেদনের শেষ সময় যথাক্রমে ২০ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি ২০২৭।
প্রতিটি সুযোগের বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনের নিয়ম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। ইউরো-মেডিটেরেনিয়ান অঞ্চলের সাংবাদিকদের জন্য আরও সুযোগের তথ্য প্রকাশ করেছে তাদের রিসোর্স পেজে (EMNWJ Resources page)।






