সকালে ঢাকায়, বিকেলে দলের সাথে অনুশীলনে হামজা

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর চলছে ঢাকায়। সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের দ্বিতীয় গ্রুপপর্বের ম্যাচ বুধবার, শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচে খেলতে সোমবার সকালে ঢাকায় এসেছেনদলের সেরা তারকা হামজা চৌধুরী। বিকেলেই আবার অনুশীলনে যোগ দিয়েছেন জামাল ভূঁইয়াদের সাথে।
হামজা অনুশীলনে যোগ দেওয়ায় পুরো দলের মধ্যে চনমনে ভাব দেখা গেছে। ফুরফুরে মেজাজে অনুশীলন করেছেন সকলে। হামজা যোগ দেয়ায় দলের সদস্য এখন ২৭ জন। সন্ধ্যায় ফারহান আলী ওয়াহিদ যোগ দিলে প্রথমবার পূর্ণ ২৮ জনের স্কোয়াড পাবেন কোচ থমাস ডুলি।
হামজার সঙ্গে এসেছেন স্ত্রী অলিভিয়া চৌধুরী, সন্তান এবং মা। বাংলাদেশ দলের টিম ম্যানেজার ও বাফুফের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের ফুল দিয়ে স্বাগতম জানান। পরে হামজা টিম হোটেলে সতীর্থদের সাথে যোগ দেন।
হামজার অন্তর্ভুক্তি দলের শক্তি যেমন বাড়াবে, সতীর্থদের আত্মবিশ্বাসও তুঙ্গে নিয়ে যাবে, মনে করছেন সংশ্লিষ্টরা। ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা সমৃদ্ধ হামজার সামর্থ্যকে কাজে লাগিয়ে এবারের সাফে দারুণ কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
একইদিন সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফারহান আলীর। অনাকাঙ্ক্ষিত ফ্লাইট বিলম্বে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি তিনি। ট্রানজিট শহর দোহায় তাকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। সন্ধ্যায় তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন।





