কিশোরগঞ্জ

জামিনের পরদিন মুক্তির অপেক্ষা, তার আগেই কারাগারে হাজতির মৃত্যু

জামিনের পরদিন মুক্তির অপেক্ষা, তার আগেই কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রনজিত ঘোষ (৭৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতা। রোববার তার জামিন হলেও সোমবার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে মুক্তির আগেই মৃত্যুর খবর পান স্বজনেরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রনজিত ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার মৃত জিতেন্দ্র ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। চলতি বছরের জুন ও আগস্টে মামলা দুটি দায়ের করা হয়।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটে হাসপাতালে ভর্তি করার পর পুরুষ মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, রনজিত ঘোষের চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনেরা। তাদের দাবি, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থার বিষয়টি পরিবার ও আদালতের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এমনকি অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা নিয়েও আপত্তি জানানো হয়।

নিহতের ভাগ্নে মৃণাল কান্তি ঘোষ জানান, রোববার রনজিত ঘোষের জামিন হয়। সোমবার তার মুক্তি পাওয়ার কথা থাকায় পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। তারা সুনামগঞ্জে অবস্থানকালে তার মৃত্যুর খবর পান।

মৃণাল কান্তি ঘোষের অভিযোগ, রনজিত ঘোষের অসুস্থতার বিষয়টি জানিয়ে আদালত থেকে কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। গতকাল বিচারকও তার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তাকে আদালতে হাজির না করার নির্দেশনা দেন এবং আইনগত ব্যবস্থা নিতে বলেন। তবে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি। এমনকি হাসপাতালের চিকিৎসকও তাকে দেখেননি বলে অভিযোগ তার।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজনেরা। তাদের অভিযোগ, কারাগারে তার শারীরিক অবস্থার যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম। তিনি বলেন, অসুস্থ হওয়ার পর রনজিত ঘোষকে প্রথমে কারাগারের হাসপাতালেই ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

স্বজনদের অভিযোগ প্রসঙ্গে জেল সুপার বলেন, রনজিত ঘোষ শুরু থেকেই কারা হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসায় কোনো ঘাটতি বা অবহেলা করা হয়নি। এ ধরনের অভিযোগ সত্য নয়।

বিষয়:কারাগার জামিন মুক্তির অপেক্ষা হাজতির মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…