শেখ হাসিনাকে নিয়ে ‘ভারতের দুই শর্ত’, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
শেখ হাসিনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা নিয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে ভারতের সঙ্গে আমাদের কোনো কথাই হয়নি।’
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশকে দুটি শর্ত দিয়েছে ভারত। এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘প্রতিবেদনটি কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে আমরা তা গ্রহণ করে জবাব দেব।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বড় বিষয়। আমাদের বেশ কিছু ইস্যু রয়েছে, যেগুলো কূটনৈতিকভাবে সমাধান করা হবে। তিনি ভারতে বসে বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’
বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ পিছিয়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৈঠকটি বাতিল হয়নি, পিছিয়েছে।’ আগামী ১৭ ও ১৮ নভেম্বর ওই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত হয় না। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ অবস্থায় তাকে কীভাবে পাসপোর্ট দেওয়া যায়, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
তিনি বলেন, ‘আমরা মনে করি, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি বাংলাদেশে আসবেন এবং সাজা ভোগ করবেন।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের সুযোগ তৈরির জন্য তাকে ট্রাভেল পাস দিয়ে দেশে আসতে দেওয়া এবং বিমানবন্দরে আটক করার উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নেবে না? ভারত যদি এ বিষয়ে সাড়া দেয়, তাহলে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ হয়।’
দিল্লিতে বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি আইনজীবী প্রতিষ্ঠান আবেদনটি জমা দিয়েছে। বাংলাদেশ মিশন সেটি গ্রহণ করেছে এবং সরকার বিষয়টি পর্যালোচনা করছে।
শামা ওবায়েদ বলেন, আইন অনুযায়ী শুধু নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা থাকে না। কেউ সাজাপ্রাপ্ত হলে তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়।






