আওয়ামী মধুর হাঁড়ি

প্রেম কত প্রকার ও কী কী? এ প্রশ্নের উত্তর বাংলা ব্যাকরণে পাওয়া কঠিন। তবে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করলে প্রেমের একটি অভিনব প্রজাতির সন্ধান পাওয়া যায়। নাম দেওয়া যেতে পারে ‘সুবিধাবাদী রাজনৈতিক প্রেম’। এই প্রেমে হৃদয়ের চেয়ে পকেটের ভূমিকা বেশি, আদর্শের চেয়ে ঠিকাদারির গুরুত্ব বেশি, আর নেতার প্রতি আনুগত্যের গভীরতা নির্ভর করে ক্ষমতার চেয়ারটি কতটা নরম, তার ওপর। চেয়ার যত নরম, প্রেম তত গভীর। চেয়ার চলে গেলে প্রেমের জোয়ারেও ভাটা পড়ে। অবশ্য কখনো কখনো পুরোনো প্রেমিকেরা আবার ফিরে আসেন। কারণ পুরোনো প্রেম ভুলে যাওয়া যায়, পুরোনো সুবিধার স্মৃতি ভোলা বড় কঠিন!
রাষ্ট্রবিজ্ঞানী হারবার্ট কিটশেল্ট ও স্টিভেন উইলকিনসন তাঁদের সম্পাদিত প্যাট্রনস, ক্লায়েন্টস অ্যান্ড পলিসিস বইয়ে রাজনীতির এই বিচিত্র সম্পর্কের একটি সুন্দর নাম দিয়েছেন: ‘ক্লায়েন্টেলিজম’। বাংলা করলে দাঁড়ায় পৃষ্ঠপোষক ও সুবিধাভোগীর পারস্পরিক লেনদেনের রাজনীতি। সহজ কথায়, তুমি আমাকে ভোট, সমর্থন ও আনুগত্য দেবে; আমি তোমাকে পদ, প্রভাব ও সুযোগ-সুবিধা দেব। অর্থাৎ রাজনীতি এখানে আদর্শের সংগ্রাম নয়, অনেকটা ‘দাও আর নাও’ সমিতি। পার্থক্য হলো, সাধারণ সমিতিতে সদস্যদের চাঁদা দিতে হয়; রাজনৈতিক সমিতিতে কখনো কখনো জনগণের টাকাতেই সদস্যদের সুখ-স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা হয়।
আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে ক্লায়েন্টেলিজমের এই শিল্প যে কতটা বিকশিত হয়েছিল, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আলাদা বিভাগ খোলা যেতে পারে। বিভাগের নাম হতে পারে ‘ফলিত তৈলবিদ্যা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা’। সেখানে পড়ানো হবে কীভাবে নেতার সঙ্গে একটি ছবি তুলে ব্যবসায়িক সম্ভাবনা বাড়ানো যায়, কীভাবে তিন মিনিটের সাক্ষাৎকে ত্রিশ বছরের ঘনিষ্ঠতা হিসেবে প্রচার করা যায় এবং কীভাবে দলের আদর্শ সম্পর্কে পাঁচটি বাক্য না জেনেও পাঁচটি গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করা যায়।
এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় কোর্স হতে পারে ‘ক্ষমতাবানকে সন্তুষ্ট রাখার ব্যবহারিক প্রশিক্ষণ’। পরীক্ষায় প্রশ্ন আসবে: ‘নেতা ভুল বললে আপনি কী করবেন?’ সঠিক উত্তর: ‘স্যার, আপনার দূরদর্শিতা আমরা বুঝতে পারিনি।’ পূর্ণ নম্বর নিশ্চিত।
অবশ্য আওয়ামী লীগের সবাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। অসংখ্য নেতা-কর্মী দীর্ঘদিন বিশ্বাস, আদর্শ ও রাজনৈতিক পরিচয়ের কারণে দলটির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ক্ষমতার আশপাশে এমন এক শ্রেণিরও উত্থান ঘটেছিল, যাদের রাজনৈতিক জীবনী লিখতে গেলে আদর্শের অধ্যায়টি ছোট হলেও প্রাপ্তিযোগের অধ্যায়টি বেশ মোটাসোটা হওয়ার আশঙ্কা।
তারপর এল ২০২৪ সালের ৫ আগস্ট। ক্ষমতার চেয়ার সরে গেল। সঙ্গে সঙ্গে অনেকের রাজনৈতিক জীবনে দেখা দিল আকস্মিক লোডশেডিং। যাদের ফোন একসময় ব্যস্ত থাকত, তাদের ফোনে নেটওয়ার্কের সমস্যা। যারা আগে নেতার ডান পাশে দাঁড়িয়ে ছবি তুলতেন, তারা এমনভাবে আড়ালে চলে গেলেন যে মনে হতে পারে তারা আসলে ফটোগ্রাফারের আত্মীয় ছিলেন।
কিন্তু সময় বড় বিচিত্র। এখন আবার কারও কারও মধ্যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ লক্ষ করার মতো। দলকে বাঁচাতে হবে, ঐক্য ধরে রাখতে হবে, পুরোনো শক্তি ফিরিয়ে আনতে হবে। এসব শুনে প্রশ্ন জাগে, এত দরদ কি দলের জন্য, নাকি হারানো দরবারের জন্য? তারা কি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্জন্ম চান, নাকি নিজেদের পুরোনো ভিআইপির মেয়াদ নবায়ন করতে চান?
কল্পনা করুন, এক সাবেক সুবিধাভোগী গভীর রাতে ঘুম থেকে উঠে দীর্ঘশ্বাস ফেলছেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে? দেশের কথা ভাবছ?’
তিনি বললেন, ‘হ্যাঁ, দেশের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হচ্ছে।’
স্ত্রী বললেন, ‘তা হলে এত অস্থির কেন?’
ভদ্রলোক জবাব দিলেন, ‘দেশের ভবিষ্যৎ তো আছেই, আমার সেই তিনটা ঠিকাদারি প্রতিষ্ঠানের ভবিষ্যৎও তো আছে!’
ক্লায়েন্টেলিজমের রাজনীতির মনস্তত্ত্ব বুঝতে এর চেয়ে সহজ উদাহরণ খুব বেশি প্রয়োজন হয় না।
সবচেয়ে বিস্ময়কর হচ্ছে, অতীতে ক্ষমতার সুফল ভোগ করা কিছু মানুষের সম্ভাব্য রাজনৈতিক ভাষান্তর। একসময় গণতন্ত্রের সংজ্ঞা ছিল ‘আমাদের সরকার ক্ষমতায় আছে’। এখন সংজ্ঞা বদলে হতে পারে ‘আমাদের সরকার ক্ষমতায় নেই’। আগে বিরোধী দলের সমালোচনা ছিল ষড়যন্ত্র, এখন নিজেদের সমালোচনাকে তারা গণতান্ত্রিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী হতে পারেন। গণতন্ত্রের এমন মৌসুমি ব্যবহার দেখলে আবহাওয়া অধিদপ্তরও বিভ্রান্ত হবে। বর্ষায় গণতন্ত্র, শীতে কর্তৃত্ববাদ; এ কেমন রাজনৈতিক জলবায়ু!
তবে সমস্যাটি কেবল আওয়ামী লীগের নয়। বাংলাদেশের রাজনীতিতে ক্লায়েন্টেলিজম এক সর্বদলীয় প্রতিভা। ক্ষমতার পালাবদলে কিছু সুবিধাসন্ধানী মানুষের আনুগত্যের রং এমন দ্রুত বদলায় যে গিরগিটিও লজ্জা পেতে পারে। গতকাল যিনি এক নেতাকে জাতির শেষ ভরসা বলেছেন, আগামীকাল অন্য নেতাকে প্রথম ভরসা বলতে তার খুব একটা অসুবিধা হয় না। কারণ তার কাছে রাজনীতি নদীর মতো; স্রোত যেদিকে, নৌকাও সেদিকে। শুধু নৌকায় নিজের আসনটি অক্ষত থাকা চাই।
আওয়ামী লীগের পুরোনো সুবিধাভোগীদের সামনে তাই একটি কঠিন প্রশ্ন রয়েছে। তারা কি সত্যিই এমন একটি দল চান, যেখানে আত্মসমালোচনা থাকবে, নতুন নেতৃত্ব আসবে, গণতান্ত্রিক চর্চা থাকবে, অতীতের ভুলের জবাবদিহি হবে? নাকি তারা চান পুরোনো চেয়ারগুলো আবার যথাস্থানে বসানো হোক, পুরোনো দরবার চালু হোক, আর পুরোনো ফোনকলের জাদু ফিরে আসুক?
প্রথমটি রাজনৈতিক পুনর্গঠন। দ্বিতীয়টি ক্লায়েন্টেলিজমের পুনর্বাসন প্রকল্প।
দুটির পার্থক্য বোঝা খুব কঠিন নয়। যিনি দলের ভবিষ্যৎ চান, তিনি দলের ভুল নিয়ে কথা বলবেন। যিনি নিজের ভবিষ্যৎ চান, তিনি বলবেন, ‘এখন এসব বলার সময় নয়।’ কারণ ভুলের আলোচনা শুরু হলে কে কীভাবে সুবিধা পেয়েছিলেন, সেই পুরোনো হিসাবের খাতাটিও খুলে যেতে পারে। আর হিসাবের খাতা এমন এক বিপজ্জনক বস্তু, যা অনেক সময় রাজনৈতিক স্মৃতিশক্তি হঠাৎ দুর্বল করে দেয়।
সবশেষে বলা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সবাইকে সুবিধাভোগী বলা অন্যায়। কিন্তু অতীতের সুবিধাভোগীদের প্রত্যেককে আদর্শের নিবেদিতপ্রাণ সৈনিক ভাবাও রাজনৈতিক সরলতা।
ক্লায়েন্টেলিজমের সবচেয়ে বড় সৌন্দর্য হলো, এখানে ভালোবাসার ঘোষণা থাকে দলের নামে, কিন্তু হিসাবের খাতাটি থাকে নিজের নামে।
তাই প্রশ্নটা থেকেই যায়: আওয়ামী লীগের পুরোনো সুবিধাভোগীরা কি সত্যিই দলটিকে বাঁচাতে চান, নাকি সেই সোনালি দিনগুলো ফেরাতে চান, যখন একটি ফোন, একটি পরিচয় কিংবা একটি সালামেই অনেক অসম্ভব সম্ভব হয়ে যেত?
কারণ রাজনীতির মধুর হাঁড়ি ভেঙে গেলে সবাই সমান শোক পালন করেন না। কেউ হারানো আদর্শের জন্য দীর্ঘশ্বাস ফেলেন, কেউ হারানো সুযোগের জন্য। আর কেউ কেউ হাঁড়ির ভাঙা টুকরো হাতে নিয়ে অপেক্ষা করেন: কবে আবার মধু ঢালা হবে!
তাদের কাছে দলের পুনরুত্থান মানে আদর্শের বিজয় নয়; মধুর হাঁড়ির পুনঃস্থাপন। আর হাঁড়িটি ফিরে এলে মৌমাছি না হয় পরে দেখা যাবে; আপাতত চামচটা প্রস্তুত রাখাই বুদ্ধিমানের কাজ!






