আদালত

শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির মামলার রায় মঙ্গলবার

শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির মামলার রায় মঙ্গলবার

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন। বহুল আলোচিত এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি এক দিনেই শেষ হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। একই সঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এর আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে ওই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

গত ২১ মে রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

এক দিনেই হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। তাদের মতে, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষকে আইনি সুযোগ দিয়ে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করার ক্ষেত্রে এটি একটি নতুন নজির।

বিষয়:আপিল শুনানি ডেথ রেফারেন্স রামিসা হত্যা মামলা হাইকোর্ট হাইকোর্টের রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…