বাংলাদেশ

কোন শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত, কী বলছে প্রত্যর্পণ চুক্তি?

কোন শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত, কী বলছে প্রত্যর্পণ চুক্তি?

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির কোন কোন ধারায় তাকে ফেরত আনার সুযোগ রয়েছে এবং কোন পরিস্থিতিতে ভারত প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করতে পারে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য চেয়ে শেখ হাসিনার আইনি পরামর্শকদের আবেদনের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি আলোচনায় আসে।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময়ও ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছিল। তবে ভারত বিষয়টিকে আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করে আসছে।

সর্বশেষ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারসংক্রান্ত। এ ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিতে কোন পরিস্থিতিতে কাউকে হস্তান্তর করা যাবে এবং কোন পরিস্থিতিতে তা প্রত্যাখ্যান করা সম্ভব, সে বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে।

প্রত্যর্পণ বলতে এক দেশের ভূখণ্ডে অবস্থানরত কোনো অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে অপর দেশের কাছে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করাকে বোঝায়। সাধারণত ফৌজদারি অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত পলাতক ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা কিংবা সাজা কার্যকরের জন্য এ প্রক্রিয়া অনুসরণ করা হয়।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া তুলে ধরেছেন। তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা কাউকে গ্রেপ্তার করলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অপরাধের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনি শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশে পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে ১৯৭৪ সালের ‘বন্দি প্রত্যর্পণ আইন’ রয়েছে। এ আইনি কাঠামোর আওতায় বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করা হয়। বাংলাদেশের সঙ্গে ভারত ও থাইল্যান্ডের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে।

এই চুক্তির আওতায় অতীতে বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে ভারতে এবং ভারত থেকে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছিল।

২০১৬ সালে চুক্তিটিতে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়। এর ফলে প্রত্যর্পণের আবেদন করার সময় অনুরোধকারী রাষ্ট্রকে অভিযোগের সমর্থনে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করা হয়। সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা দাখিল করেই বৈধ প্রত্যর্পণ অনুরোধ করা সম্ভব হয়।

কোন অপরাধে প্রত্যর্পণ করা যাবে?
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা ও শর্ত উল্লেখ রয়েছে।

চুক্তি অনুযায়ী, কোনো কাজ বা আচরণ উভয় দেশের আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে এবং সে অপরাধের জন্য কমপক্ষে এক বছরের কারাদণ্ডের বিধান থাকতে হবে। এ ধরনের অপরাধ প্রত্যর্পণযোগ্য হিসেবে বিবেচিত হবে।

অপরাধটি কর বা রাজস্বসংক্রান্ত হলেও প্রত্যর্পণের আওতায় আসতে পারে। এমনকি দুই দেশের আইনে একই অপরাধের নাম বা শ্রেণিবিন্যাস ভিন্ন হলেও তা প্রত্যর্পণের ক্ষেত্রে বাধা হবে না।

শুধু সরাসরি অপরাধ সংঘটন নয়, অপরাধের চেষ্টা, সহায়তা, প্ররোচনা, উসকানি কিংবা সহযোগী হিসেবে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রত্যর্পণের বিধান রয়েছে।

চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়টিও ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো অপরাধের অংশবিশেষ অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রত্যর্পণ মঞ্জুর করা যেতে পারে।

রাজনৈতিক অপরাধ হলে কী হবে?
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনায় চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই ধারায় রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে।

চুক্তি অনুযায়ী, যে অপরাধের ভিত্তিতে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে বিবেচিত হলে অনুরোধ গ্রহণকারী রাষ্ট্র প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে।

তবে সব অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ নেই। চুক্তিতে কয়েকটি গুরুতর অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে হত্যা, অনিচ্ছাকৃত হত্যা বা অপরাধমূলক নরহত্যা, বিস্ফোরক ব্যবহার করে মানুষের জীবন বিপন্ন করা, বিস্ফোরক তৈরি বা দখলে রাখা, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে জীবনহানির চেষ্টা, অপহরণ, জিম্মি করা, বেআইনিভাবে আটক রাখা এবং হত্যাকাণ্ডে প্ররোচনাসহ কয়েকটি গুরুতর অপরাধ।

এ ছাড়া দুই দেশ যে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেসব চুক্তির অধীনে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত কাজও এ ব্যতিক্রমের আওতায় রয়েছে।

অর্থাৎ কোনো অভিযোগ রাজনৈতিক প্রেক্ষাপটে উত্থাপিত হলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। অভিযোগের প্রকৃতি এবং চুক্তিতে নির্ধারিত ব্যতিক্রমগুলো বিবেচনায় নিতে হবে।

কোন পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে ভারত?
বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তির অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিভিন্ন ভিত্তি উল্লেখ করা হয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী, কয়েকটি পরিস্থিতিতে অনুরোধ গ্রহণকারী রাষ্ট্র কোনো ব্যক্তিকে হস্তান্তর না করার সিদ্ধান্ত নিতে পারে।

এর মধ্যে রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে। এ ছাড়া অভিযোগের প্রকৃতি বা অপরাধের গুরুত্ব তুলনামূলকভাবে কম হলে, কথিত অপরাধ সংঘটন বা সংশ্লিষ্ট ব্যক্তি বেআইনিভাবে পলাতক হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলে এবং প্রত্যর্পণের আবেদনটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি বলে বিবেচিত হলে আবেদন প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।

এ ক্ষেত্রে অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের আইনগত মূল্যায়ন গুরুত্বপূর্ণ। ফলে প্রত্যর্পণের আবেদন করা হলেই তা মঞ্জুর হওয়ার নিশ্চয়তা তৈরি হয় না।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পরও প্রত্যর্পণের প্রশ্নটি আলোচনায় ছিল। ওই রায়ের পর শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছিলেন।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে।

ভারতের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানালেও শেষ পর্যন্ত বিষয়টি চুক্তির শর্ত ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চুক্তির মধ্যেই প্রত্যর্পণ মঞ্জুর বা প্রত্যাখ্যানের বিভিন্ন শর্ত নির্ধারণ করা আছে। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে এসব বিধান কীভাবে প্রযোজ্য হবে, সেটিই গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

তার মূল্যায়ন অনুযায়ী, ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

শেষ পর্যন্ত কী হবে?
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিতে অপরাধের ধরন, রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম এবং প্রত্যর্পণ প্রত্যাখ্যানের একাধিক আইনি ভিত্তি রয়েছে। ফলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করছে না। চুক্তির নির্দিষ্ট শর্ত, সংশ্লিষ্ট অভিযোগের প্রকৃতি এবং ভারতের আইনি মূল্যায়নও এখানে গুরুত্বপূর্ণ।

বিশেষ করে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম এবং অন্যায় বা নিপীড়নমূলক প্রত্যর্পণের আশঙ্কাসংক্রান্ত ধারাগুলো এ ক্ষেত্রে আলোচনায় আসতে পারে। তবে চুক্তির কোনো একটি ধারা উল্লেখ করেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। প্রত্যর্পণের আবেদন, সংশ্লিষ্ট আইনি নথি এবং চুক্তির সব প্রাসঙ্গিক বিধান পর্যালোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

বিষয়:বাংলাদেশ ও ভারত রাজনৈতিক অপরাধ শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…