শাহরুখকে অহংকারী ভাবতেন সহ-অভিনেতা, পরে বদলে যায় ধারণা

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে একসময় অহংকারী মনে করতেন অভিনেতা দেবেন ভোজানি। এমনকি অমিতাভ বচ্চন ও দিলীপ কুমারের মতো কিংবদন্তি অভিনেতাদের নিয়েও শাহরুখ নেতিবাচক মন্তব্য করেন- এমন কথাও শুনেছিলেন তিনি। তবে একসঙ্গে কাজ করতে গিয়ে শাহরুখকে কাছ থেকে দেখার পর তার সেই ধারণা সম্পূর্ণ বদলে যায়।
সম্প্রতি সিদ্ধার্থ কাননের পডকাস্টে অংশ নিয়ে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাকে ঘিরে নিজের আগের ভুল ধারণার কথা জানিয়েছেন অভিনেতা দেবেন ভোজানি।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘জাদু’ নামের একটি সিনেমায় শাহরুখের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন দেবেন। সিনেমাটির শুটিংয়ের সময় শাহরুখ সম্পর্কে আগে থেকেই কিছু নেতিবাচক কথা শুনেছিলেন তিনি। তার ধারণা ছিল, শাহরুখের অনেক অহংকার এবং তিনি সহ-অভিনেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।
পডকাস্টে দেবেন জানান, সাধারণত কোনো শুটিংয়ে গেলে তিনি নিজেই অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে পরিচিত হন। কিন্তু শাহরুখের ক্ষেত্রে আগের শোনা কথার কারণে কিছুটা দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মনে হয়েছিল, পরিচিত হতে গেলে শাহরুখ হয়তো তাকে গুরুত্ব দেবেন না।
কিন্তু বাস্তবে ঘটেছিল উল্টো ঘটনা। দেবেনের কাছে নিজেই এগিয়ে এসে পরিচয় দেন শাহরুখ। তিনি বলেন, ‘হ্যালো, আমি শাহরুখ। ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায় আপনার অভিনয় খুব ভালো লেগেছে।’
শাহরুখের এমন আচরণে অবাক হয়ে যান দেবেন। তিনি বুঝতে পারেন, এত বড় তারকা হয়েও শাহরুখ নিজে থেকে তার সঙ্গে পরিচিত হতে এসেছেন। এরপর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং শুটিংয়ের আগে তাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়।
পডকাস্টে দেবেনকে প্রশ্ন করা হয়, অমিতাভ বচ্চন ও দিলীপ কুমার সম্পর্কে শাহরুখ খারাপ কথা বলেন—এমন গুঞ্জনও কি তার ধারণাকে প্রভাবিত করেছিল? উত্তরে দেবেন জানান, এক বন্ধুর কাছ থেকেই তিনি এমন কথা শুনেছিলেন। সেই শোনা কথার ভিত্তিতেই শাহরুখ সম্পর্কে তার মনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তবে পরে নিজের ভুল বুঝতে পারেন তিনি। দেবেনের ভাষায়, ‘আমি কতটা ভুল ছিলাম!’
শাহরুখ ও দেবেনের একসঙ্গে কাজ করা ‘জাদু’ সিনেমাটি নিয়েও পডকাস্টে আলোচনা হয়। সিনেমাটি নির্মাণের সময় মুক্তি পায়নি। পরে এটি ‘ইয়ে লমহে জুদাই কে’ নামে মুক্তি পায়। তবে সিনেমাটির মুক্তি সম্পর্কে বিস্তারিত জানতেন না দেবেন।
সিদ্ধার্থ কানন জানান, মূল গল্প ব্যবহার করে প্রায় ১০ বছর পর সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল। সিনেমার কিছু অংশে বডি ডাবল ব্যবহার করা হয়। শাহরুখ ছবিতে অভিনয় করলেও তার কিছু অংশের সংলাপে অন্য একজন শিল্পীর কণ্ঠ ব্যবহার করা হয়েছিল।
দেবেন ভোজানি ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত অভিনেতা, পরিচালক এবং থিয়েটারশিল্পী। কমেডি অভিনয়ের জন্য বিশেষ পরিচিতি রয়েছে তার। ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘বা বাহু অ্যান্ড বেবি’, ‘অফিস অফিস’ ও ‘দেখ ভাই দেখ’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘চুম্বক’ প্রকল্পেও দেখা গেছে তাকে।
শাহরুখ খানকে ঘিরে একসময়কার নেতিবাচক ধারণা যে সম্পূর্ণ ভুল ছিল, দেবেনের সাম্প্রতিক এই অভিজ্ঞতার বর্ণনায় সেটিই উঠে এসেছে। এনডিটিভি






