ক্রিকেট

শাহাদাতের সেঞ্চুরি, ফাইনালের খোঁজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পূঁজি কত?

শাহাদাতের সেঞ্চুরি, ফাইনালের খোঁজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পূঁজি কত?

কাতারে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ধস দেখেছিল বাংলাদেশ এ দল। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেছেন শাহাদাত হোসেন দীপু। তার অপ্রতিরোধ্য সেঞ্চুরিতে লড়াকু পূঁজি পেয়েছে টিম টাইগার্স।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ এ দল। ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান করে সাইফ হাসানের দল।

বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১৫ রানে ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। তৃতীয় উইকেটে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শাহাদাত হোসেন দীপু। ৯৫ রানের জুটি গড়েন দুজনে।

২৭.১ ওভারে দলীয় ১১০ রানে অঙ্কন আউট হলে জুটি ভাঙে। ৪ চারে ৭৮ বলে ৪২ রান করেন। এরপর আট রান যোগ করতেই আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। আফিফ হোসেন (৫) ও সাব্বির রহমান (০) আউট হন।

ষষ্ঠ উইকেটে এসএম মেহেরব হোসেনকে নিয়ে ৫২ রান যোগ করেন দীপু। ৪০.২ ওভারে মেহেরব আউট হন ৩৬ বলে ২৮ রান করে। একই ওভারে চতুর্থ বলে রুবেল আউট হন খালি হাতে। অষ্টম উইকেটে রাকিবুল হাসানকে নিয়ে দীপু যোগ করেন ২২ রান। ৪৫.৫ ওভারে রাকিবুল আউট হন ২০ বলে ১০ রান করে।

পরে রিপন মণ্ডলকে নিয়ে ইনিংস শেষ করেন দীপু। নবম উইকেটে যোগ করেন ৪০ রান। তার আগে সেঞ্চুরি করেন দীপু। ৭ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। রিপন অপরাজিত থাকেন ১২ বলে ১৯ রানে।

পাকিস্তান বোলারদের মধ্যে সুফিয়ান মুকিম ৩ উইকেট নেন। আলি রেজা ও হাসান নাওয়াজ নেন ২টি করে উইকেট।

বিষয়:এশিয়া কাপ রাইজিং স্টারস কাতার দোহা পাকিস্তান এ বাংলাদেশ এ শাহাদাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…