শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় সুইজারল্যান্ডে লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন শাহরুখ খান। সেখানে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ‘পারদো আল্লা ক্যারিয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন। আর সেই পুরস্কার নিতে উঠেই মঞ্চে দাঁড়িয়ে হিন্দি ভাষায় ধন্যবাদ জানালেন। তার এই আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
এদিন লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘অল ব্ল্যাক’ লুকে ধরা দেন শাহরুখ খান। কালো শার্ট, প্যান্ট এবং জ্যাকেট পরেছিলেন তিনি। ইতোমধ্যেই তার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠান থেকে।
তিনি এদিন পুরস্কার নিতে মঞ্চে উঠেই বলেন, ‘এটা ভীষণ ভারী।’ তারপর সেই পুরস্কার সাইডে রেখে অভিনেতা বলেন ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা আমাকে এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমাকে আপনারা আপন করে নিয়েছেন। লোকার্নো ভীষণ সুন্দর শহর। এখানকার মানুষজন ভীষণ সুন্দর, সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের।’
তিনি এদিন আরও জানান, ‘গত দুটো সন্ধ্যা ভীষণ ভালো কেটেছে আমার। তাই আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ। আমি এখানে এসে লোকার্নো ভাষা শিখছি। সুন্দর দিন কাটছে। এখানকার খাবার খুব ভালো। আমার ইটালিয়ান ভাষাও উন্নত হচ্ছে।’
এদিন তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন এক ব্যক্তি তাঁকে চিৎকার করে ভালোবাসি বলেন, জবাবে কিং খানও তাকে ভালোবাসি বলেন। বক্তব্যের শেষে তিনি হিন্দিতে কথা বলেন। বলেন, ‘নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।’
এবারের উৎসবে ১০ দিনব্যাপী দেখানো হবে ২২৫টি ছবি। এর মাঝে ১০৪টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ১৭টি ছবি। উৎসবের পর্দা উঠেছে ইতালিয়ান নির্মাতা জানলুকা জডিসের সিনেমা ‘দ্য ফ্লাড’ সিনেমা দিয়ে। ১৭ আগস্ট নামবে লোকার্নো চলচ্চিত্র উৎসবের পর্দা।-হিন্দুস্থান টাইমস








