মান্নাতে চিরচেনা ভঙ্গিতে আচমকা শাহরুখ!

তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন শাহরুখ। পর্দায় দুই হাত ছড়িয়ে দাঁড়ানোর চিরচেনা ভঙ্গি কিংবা সংলাপ বলার নিজস্ব ধরন তাকে দিয়েছে অনন্য পরিচিতি। তবে এবছর মান্নাতে চলছে সংস্কার কাজ, তাই সব মিলিয়ে ধারণা করা হয়েছিল, ৬১তম জন্মদিনে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে না শাহরুখ খানের। এ খবর শুনে মন খারাপও হয়েছিল ভক্তদের। তবে শেষমেশ ভক্তদের দেখা দিলেন শাহরুখ।
সোমবার (২ নভেম্বর) রাতে নিজের ৬১তম জন্মদিনে বাড়ির বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানান শাহরুখ। তার চিরচেনা দুই হাত প্রসারিত করার ভঙ্গি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ভক্তরা।
জন্মদিনের উদযাপনের পাশাপাশি মধ্যরাতে মান্নাতের বাইরে বিশাল পর্দায় নতুন সিনেমার প্রচারণামূলক পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে ‘কিং’-এর আনুষ্ঠানিক প্রচার।
জন্মদিন উপলক্ষে অভিনেতার এক ঝলক দেখতে কয়েক ঘণ্টা আগেই মান্নাতের সামনে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। অনেকের হাতে ছিল প্রিয় অভিনেতার পোস্টার। কেউ কেউ তার জনপ্রিয় দুই হাত প্রসারিত করার ভঙ্গিও অনুকরণ করেন। পরে বারান্দায় এসে শাহরুখ হাত নেড়ে, উড়ন্ত চুমু ছুড়ে এবং পরিচিত ভঙ্গিতে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জানা গেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে মুম্বাইয়ের একটি হোটেলে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। তবে বাড়ির সামনে অপেক্ষায় থাকা ভক্তদের নিরাশ করেননি তিনি। সাদা টি-শার্ট, নীল জিনস, মাথায় টুপি ও চোখে সানগ্লাস পরা শাহরুখের একটি ভিডিও প্রকাশ করেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ভিডিওর সঙ্গে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘হৃদয়ের রাজা, ভালোবাসার রাজ্য নিয়ে।’
এদিকে শাহরুখের জন্মদিনের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রচারণাও। মধ্যরাতের পর মান্নাতের বাইরের বিশাল পর্দায় সিনেমাটির প্রচারণামূলক পোস্টার প্রদর্শিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছবিটির প্রচার কার্যক্রম।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ ও মামতা আনন্দের মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটি ১৯৯৪ সালের ফরাসি চলচ্চিত্র ‘লিওঁ: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে।






