বশির আহমেদ আজীবন সম্মাননা পেলেন শবনম ও রুনা লায়লা

বরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক প্রয়াত বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননা পেয়েছেন উপমহাদেশের দুই কিংবদন্তি শিল্পী চিত্রনায়িকা শবনম ও সংগীতশিল্পী রুনা লায়লা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সারগাম সাউন্ড স্টেশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বক্তব্যে তিনি বলেন, গুণীজনদের সম্মান জানানো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। বশির আহমেদের মতো কালজয়ী শিল্পীদের স্মৃতি ধরে রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ বলেন, বশির আহমেদ ছিলেন বাংলা সংগীতের এক স্বতন্ত্র ও সৃজনশীল অধ্যায়ের নির্মাতা। তার কণ্ঠ, সুর ও সংগীতচিন্তা কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।
তিনি আরও বলেন, উপমহাদেশের দুই কিংবদন্তি শিল্পী শবনম ও রুনা লায়লাকে আজীবন সম্মাননা প্রদান এ আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বাংলা চলচ্চিত্র ও সংগীতে তাদের অসামান্য অবদান সাংস্কৃতিক ইতিহাসের গৌরবময় সম্পদ। তাদের শিল্পীজীবন, কর্মনিষ্ঠা ও আন্তর্জাতিক পরিচিতি আগামী প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
গুণী শিল্পীদের যথাযথ সম্মান জানানো কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সাংস্কৃতিক দায়িত্ব এবং ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার। এ সময় প্রয়াত বশির আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন তার দুই সন্তান হোমায়েরা বশির ও রাজা বশির।
শবনম ও রুনা লায়লা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বরেণ্য সাংবাদিক রফিকুজ্জামান, সংগীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম, লোকসংগীতশিল্পী দিলরুবা খান, গীতিকবি মুনশী ওয়াদুদ, সুরকার ও সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেতারশিল্পী উস্তাদ ফিরোজ খান, কথক নৃত্যশিল্পী সাজু আহমেদ, সৌন্দর্যশিল্পের অগ্রপথিক জারিনা আসগর, দেশীয় পোশাক রূপকার বিপ্লব সাহা, তবলাশিল্পী সীমা, শাহ মোহাম্মদ হান্নান এবং প্রবাসী বাঙালি চিকিৎসক খালেদ ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে বশির আহমেদের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মাননা প্রদান পর্ব শেষে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা বশির আহমেদের কালজয়ী গান পরিবেশন করেন। মনোজ্ঞ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






