আন্তর্জাতিক

চীনে আজ ট্রাম্প-পুতিন-শি’র বৈঠক, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

চীনে আজ ট্রাম্প-পুতিন-শি’র বৈঠক, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

ছবি: সংগৃহীত

চীনের শেনজেনে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠেয় এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ গুরুত্ব পেতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।

১৯৪৫ সালে ইয়াল্টায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ঐতিহাসিক বৈঠকের সঙ্গে এবারের সম্মেলনের তুলনা করা হচ্ছে। তবে তিন নেতারই রয়েছে নিজস্ব রাজনৈতিক ও কৌশলগত অগ্রাধিকার।

বৈঠকে ইউক্রেন যুদ্ধকে গুরুত্ব দিতে পারেন পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কো। অন্যদিকে, ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) জ্যেষ্ঠ নীতিবিষয়ক ফেলো ফ্রেডরিক ওয়েসলাউ বলেন, পুতিন চান রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন অন্যদের ভূরাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করুক। তবে ইউরোপের নিরাপত্তা নিয়ে ইউরোপীয় দেশগুলোকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সিপোরা ফ্রিডের মতে, ট্রাম্প ও শি জিনপিংয়ের পাশে পুতিনের উপস্থিতি রাশিয়ার বৈশ্বিক শক্তি হিসেবে অবস্থানকে আরও প্রতিষ্ঠিত করবে। কোনো বড় ছাড় ছাড়াই রাজনৈতিক গ্রহণযোগ্যতা ফিরে পাওয়া মস্কোর জন্য গুরুত্বপূর্ণ অর্জন হতে পারে।

এদিকে বৈঠকে তিন দেশের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে আলোচনা করতে চান ট্রাম্প। চীনের কাছে ৬০০টির বেশি পারমাণবিক ওয়ারহেড থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের কাছে রয়েছে ৫ হাজারের বেশি।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ট্রাম্প নতুন ও আধুনিক একটি চুক্তি চান, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে।

এ বিষয়ে চলতি সপ্তাহে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে আলোচনা হয়েছে। শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণে শীর্ষ নেতাদের অর্থবহ আলোচনার গুরুত্ব নিয়ে তারা একমত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ইরানের যুদ্ধ বন্ধের চেষ্টাও বৈঠকে গুরুত্ব পাবে।

তিন নেতার এই বৈঠকে কোনো বড় সমঝোতা বা সিদ্ধান্ত আসে কি না, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

বিষয়:ইরান যুদ্ধ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…